আনিষা চৌধুরী, কলকাতা: সরকারি স্কুলের পড়ুয়াদের মিড ডে মিলের (Mid Day Meal) মেনুতে আসতে চলেছে বড় পরিবর্তন। সপ্তাহে একদিন পড়ুয়াদের খাবার মেনুতে পছন্দের চিকেন বিরিয়ানি রাখার পরিকল্পনা করছে রাজ্য সরকার। গত জুলাই মাসেই এই প্রস্তাব সামনে এসেছিল। এবার সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার প্রক্রিয়া শুরু হলো। নতুন এই মেনু চালু করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলির মধ্যে অন্যতম হলো, স্কুলগুলিতে খাবারের গুণমান, স্বাস্থ্যবিধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা।
মুখ্যমন্ত্রীর ইচ্ছেতেই মেনু বদলের ভাবনা
তামিলনাড়ুর স্কুল শিক্ষা মন্ত্রী রাজ মোহন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের ইচ্ছেতেই সরকারি স্কুলের পড়ুয়াদের মিড ডে মিলে চিকেন বিরিয়ানি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তাঁর বক্তব্য, পড়ুয়াদের খাবারে শুধুমাত্র প্রোটিনের জোগান দিলেই হবে না, এর পাশাপাশি খাবারের মানও উন্নত করা প্রয়োজন। সেই লক্ষ্যেই বর্তমান মেনুতে নতুন পদ যুক্ত করার কথা ভাবা হচ্ছে। যদিও প্রস্তাবটি নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে, এখনই সব স্কুলে এই খাবার চালু করা হচ্ছে না।
চিকেন বিরিয়ানি রান্না এবং পরিবেশনের জন্য স্কুলগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে কিনা, তা আগে পরীক্ষা করে দেখা হবে। শিক্ষা মন্ত্রীর কথায়, এই উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি পাইলট বা পরীক্ষামূলক প্রকল্প প্রয়োজন। প্রথমে নির্দিষ্ট কয়েকটি স্কুল বেছে নিয়ে সেখানে এই ব্যবস্থা চালু করা হবে এবং কী পরিস্থিতি দাঁড়ায় সেটাই বোঝার চেষ্টা করা হবে। সেই পরীক্ষার ফলাফল দেখেই ধাপে ধাপে বাদবাকি স্কুলের মেনুতে চিকেন বিরিয়ানি যুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলে আপাতত নির্দিষ্ট কোনও তারিখ না থাকলেও পরিকল্পনাটি ধীরে ধীরে বাস্তবায়নের দিকে এগোচ্ছে।
আরও পড়ুন: কুকুরের মতো মুখের সাপ উদ্ধার হাওড়ায়, অদ্ভুতদর্শন সরীসৃপকে দেখতে ভিড় এলাকাবাসীর
এই প্রসঙ্গে রাজ মোহন বলেন, “সম্মান জানিয়েই বলছি, যদি জেলবন্দিরা চিকেন বিরিয়ানি খেতে পারে, তাহলে আমাদের পড়ুয়ারা কেন বঞ্চিত হবে?” তাঁর বক্তব্যের পাশাপাশি স্কুলের পড়ুয়াদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন পদ চালুর আগে প্রতিটি স্কুলে খাদ্য সুরক্ষা, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার বিষয়গুলি নিশ্চিত করাই মূল লক্ষ্য। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরই জানা যাবে, ঠিক কবে থেকে সরকারি স্কুলের পড়ুয়াদের পাতে চিকেন বিরিয়ানি উঠবে।










