বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজানের (Adhan Ban) আওয়াজে আপত্তি! তাই ইসলাম ধর্মীয় এই বিশেষ রীতি বন্ধ করতে চাইছে ডেনমার্ক (Denmark)। এ নিয়ে সে দেশের অভিবাসন মন্ত্রী মর্টেন বোডস্কোভ জানিয়েছেন, ডেনমার্কের প্রত্যেক মানুষের কানে আজানের আওয়াজ পৌঁছনোর কোনও প্রয়োজন নেই। ডেনমার্ককে যেন পাকিস্তানের কোনও এলাকা না মনে হয় সেটাই নিশ্চিত করতে এবার আজান পুরোপুরি নিষিদ্ধ করতে চলেছে ইউরোপের এই দেশ।
ঠিক কোন কারণে আজান বন্ধ করতে চাইছে ডেনমার্ক?
দেশে ইসলামীয় রীতিনীতি ডেনমার্কের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনে নাকি বাধা হয়ে দাঁড়িয়েছে! ঠিক সেই কারণেই এবার দেশজুড়ে আজানে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ডেনমার্কের সরকার। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সে দেশের অভিবাসন মন্ত্রী বোডস্কোভ একেবারে খোলাখুলি জানালেন, “সাধারণ মানুষের জীবনযাপনে থাবা বসাচ্ছে ইসলামীয় রীতিনীতি। ডেনমার্কে এসবের কোনও জায়গা নেই। এই দেশটায় এসে যেন কারও মনে না হয় তিনি ইসলামাবাদের কোনও এক অঞ্চলে এসে পড়েছেন।”
ডেনমার্কের মন্ত্রী এও বললেন, দেশটার নিজস্বতা দিনদিন হারিয়ে যাচ্ছিল। ইসলামের নানান ধর্মীয় রীতিনীতি চেপে বসেছিল দেশের সাধারণ জীবন যাপনে। তাই এবার বিশেষ ইসলামীয় রীতি অর্থাৎ আজান বন্ধ করে ডেনমার্ককে ডেনমার্ককেই রাখতে চাইছেন মন্ত্রী বোডস্কোভ। যদিও সে দেশের সরকারের এমন সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করছে বিশ্বের একাধিক ইসলাম ধর্মী সংগঠন থেকে শুরু করে ইসলামীয় দেশগুলি।
অবশ্যই পড়ুন: ছুটির দিনেও যেতে হবে অফিসে! প্রকাশ্যে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি
উল্লেখ্য, ইসলামীয় ভাবধারাকে ডেনমার্কের বুকে একেবারেই জায়গা দিতে চাইছে না সে দেশের সরকার। কিছুদিন আগেই দেশটিতে হিজাব নিষিদ্ধ করেছিল ডেনমার্কের সরকার। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নামাজ পড়ার আলাদা ঘরের বিকল্প ব্যবস্থা বন্ধ করা হয়েছিল সে দেশে। এবার আজান বন্ধ করতে চলেছে ডেনমার্কের সরকার! যদিও অনেকেই মনে করছেন 5 শতাংশের মুসলিম জনগণের এই দেশের সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।










