প্রীতি পোদ্দার, কলকাতা: নজরে এবার বাংলাদেশের রাজধানী ঢাকা (Dhaka)! কয়েক ঘণ্টার ব্যবধানে সেখানকার দশটি গুরুত্বপূর্ণ স্থানে পরপর ১৪টি ককটেল বিস্ফোরণের (Dhaka Bomb Blast) ঘটনা প্রকাশ্যে এসেছে শুক্রবার। এমনকি কাফরুল থানার সামনে একটি বাসেও আগুন (Dhaka Bomb Explosion) ধরিয়ে দেওয়া হয়েছিল। পুলিশের তরফে জোরকদমে চলছে তদন্ত, ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এদিকে দিনভর এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ঢাকার সাধারণ বাসিন্দাদের মধ্যে।
ঢাকায় বিস্ফোরণ
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকায় দুপুর থেকে রাত পর্যন্ত, বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। এ দিন এই বিস্ফোরণগুলি হয় ঢাকার মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান, মগবাজার, মৌচাক ও ঢাকা কলেজ এলাকায়। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত ককটেল বিস্ফোরণে এক রিকশাচালক জখম হয়েছেন। এরই পাশাপাশি শুক্রবার একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণের পর কাফরুল থানার সামনে ফাঁকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিস্ফোরণে আহত এক রিকশাচালক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার জুমার নামাজের পরপরই মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে ফ্লাইওভার থেকে দুটি ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটানো হয়। এরপরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি এবং প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের সামনে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এখানেই থামেনি। রাত ৭টা নাগাদ যাত্রাবাড়ী থানার প্রধান ফটক ও ট্রাফিক পুলিশ বক্স এলাকায় পর পর চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। আশঙ্কাজনক অবস্থায় বিস্ফোরণে আহত এক রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
আরও পড়ুন: পুজোর মণ্ডপেই মিলবে সরকারি প্রকল্পের ফর্ম, বসবে ক্যাম্প! বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের
তদন্তে নেমেছে পুলিশ
এদিন দুষ্কৃতীরা কাফরুল থানার পাশাপাশি ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরতলির কানাইপুরের করিমপুর হাইওয়ে থানার ঠিক সামনে পার্কিং করে রাখা একটি বাসেও আগুন লাগিয়ে দিয়েছিল। যদিও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এদিকে শুক্রবার দুপুরে তেজগাঁও কলেজের মসজিদ থেকে ২৩ জনকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারপরেই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কয়েক ঘন্টার ব্যবধানে এ সব বোমা বিস্ফোরণের ঘটনার খবর পাওয়া যায়। সেক্ষেত্রে এই বিস্ফোরণের সঙ্গে জঙ্গিযোগ রয়েছে কিনা তা নিয়ে তদন্ত করছে পুলিশ।
দিনভর ঢাকার বিভিন্ন এলাকায় এমন বোমা বিস্ফোরণের জেরে রীতিমত ভয়ে আতঙ্কিত স্থানীয়রা। যদিও এর পরেই ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় টহল বাড়িয়েছে পুলিশ। তল্লাশি চালানো হচ্ছে মোটরসাইকেলেও। কারা এই ককটেল ছুড়েছে তা সিসিটিভি দেখে চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।










