প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিমা দর্শনের পাশাপাশি এবার পুজোর মণ্ডপেই সরকারি প্রকল্পের সুবিধা পাবে জনসাধারণ। শুধু তাই নয় সরকারি প্রকল্পের ফর্ম বণ্টন-গ্রহণ করার জন্য মণ্ডপেই ক্যাম্প (Durga Puja Government Camp) বসানো হবে, এমনই অভিনব উদ্যোগ ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। আয়ুষ্মান ভারত হোক বা প্রধানমন্ত্রী আবাস যোজনা সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পেতে কম বেশি সকলেই আবেদনের জন্য চেষ্টা করে চলেছেন। তাই সেই সুযোগ আরও বেশি সহজ করতেই পুজোর মণ্ডপেই ক্যাম্প খোলার পরামর্শ মন্ত্রীর।
দুর্গা পূজার মণ্ডপে বসবে ক্যাম্প
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আসন্ন দূর্গাপুজোকে কেন্দ্র করে আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার হিরাপুর থানার পুজো সমন্বয় বৈঠকে পুজো কমিটিগুলির সঙ্গে সম্প্রতি আলোচনায় যোগদান করেছিলেন বিধায়ক তথা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানেই তিনি পুজো কমিটিগুলির কাছে একটি প্রস্তাব পরিবেশন করেন যে শহরের বড়ো পুজো মণ্ডপগুলিতে পুরদপ্তরের বিশেষ ক্যাম্প যেন করা হয়। আর সেই ক্যাম্পে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পের সুবিধাগুলি সহজেই যাতে পাওয়া যায় তার জন্য বিভিন্ন প্রকল্পের ফর্ম বিতরণ ও ফর্ম জমা নেওয়া হয়। আর তাতেই সে দেয় বাকিরা।
বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা পরিষেবা
জানা গিয়েছে, মন্ত্রী অগ্নিমিত্রা পালের এই ক্যাম্প করার প্রস্তাবকে গ্রহণ করে একের পর এক ক্লাব কমিটি। তালিকায় রয়েছে রামবাঁধ ফ্রেন্ডস ক্লাব, সূর্যনগর স্পোটিং ক্লাব, শ্যামবাঁধ সর্বজনীন দুর্গাপুজো কমিটি থেকে নবঘন্টির পুজো কমিটিগুলিও। ইতিমধ্যেই ইচ্ছুক ক্লাবগুলির নাম পুরদপ্তরের কর্মীদের লিখে নিতে বলেন পুরমন্ত্রী। এছাড়াও তিনি বয়স্কদের ও প্রতিবন্ধীদের প্রতিমা দর্শনের সুবিধার্থে এক নয়া প্রস্তাব দেন। মন্ত্রীর কথায়, ভিড় ঠেলে পুজো দেখতে যেতে খুব সমস্যা হয়। তাই তাঁদের জন্য যেন পৃথক গেটের ব্যবস্থা করা হয়। এদিকে রাস্তার বেহাল দশা নিয়ে একের পর এক অভিযোগ জমা হতে থাকে মন্ত্রীর দরবারে।
আরও পড়ুন: অভিষেকের কেন্দ্রে শিল্পের জোয়ার, ডায়মন্ড হারবারে ৩২ গোষ্ঠীর হাতে জমি দেবে রাজ্য সরকার
বৈঠকে পুজো কমিটিগুলির সঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পালের আলোচনা করার সময় আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার ৬০ ফুট রাস্তার বেহাল দশা নিয়ে অনেকেই অভিযোগ করেন। এছাড়াও বি সি কলেজ থেকে কালাঝরিয়া বেহাল রাস্তা নিয়ে অনেকেই সরব হয়েছেন। সমস্ত অভিযোগ আধিকারিকদের লিখে রাখার নির্দেশ দেন পুরমন্ত্রী। তারপর তিনি বলেন, “আমরা ১০ অক্টোবরের আগে আসানসোলের ১৯০টি রাস্তা সংস্কার করব। হয়তো এই রাস্তাগুলি সেই তালিকাতেও আছে। তবু আমরা এই রাস্তাগুলির পরিস্থিতি ফের যাচাই করব।” এখন দেখার নিজের এলাকার পুজো কতটা সফলতা অর্জন করে।










