অনন্যা সরকার, কলকাতা: প্রায় দু’মাস পর জ্যোতির্বিজ্ঞানীরা আবার একটি দর্শনীয় ঘটনার সাক্ষী হতে চলেছেন। আগামী ১২ আগস্ট পূর্ব গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং উত্তর স্পেনে (Spain) সূর্যাস্তের কয়েক মিনিট আগে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ (Total Solar Eclipse)। এই বিরল দৃশ্যটি ইউরোপের (Europe) বিভিন্ন জায়গা থেকে প্রত্যক্ষ করতে পারবেন ইউরোপবাসীরা। তবে এই সূর্যগ্রহণের দৃশ্য দেখতে পাবেন না ভারতের বাসিন্দারা।
স্পেনে এক শতাব্দী পর দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
প্রায় এক শতক পর আগামী ১২ আগস্টের সূর্যগ্রহণ স্পেনে দেখা যাবে। এই শতাব্দীতে এই প্রথমবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্পেনের মূল ভূখণ্ডে ঘটবে। এর আগে ১৯০৫ সালে স্পেনবাসীরা শেষবার প্রত্যক্ষ করেছিলেন এই বিরল মহাজাগতিক দৃশ্য। দীর্ঘ ২৯৩ কিলোমিটার প্রশস্ত অঞ্চল জুড়ে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের এলাকা ছাড়াও সমগ্র ইউরোপে সূর্যের বেশিরভাগ অংশ ঢাকা পড়বে। অর্থাৎ এই অঞ্চলগুলির সূর্যের আংশিক গ্রহণ প্রত্যক্ষ করবে। পোল্যান্ডের ওয়ারশতে সূর্যাস্তের কিছু আগে সূর্যের ৮৩% ঢাকা পড়বে।
ভারতে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ?
আগামী ১২ আগস্টের এই গ্রহণ শুধু স্পেনের জন্যই নয়, পুরো ইউরোপের জন্যই বিশেষ হতে চলেছে। কারণ ১৯৯৯ সালের পর থেকে ইউরোপের বাসিন্দারা আর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেননি। দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার পর আবার এই মহাদেশ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে। স্পেনের যে কয়েকটি এলাকায় প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে তার মধ্যে গ্যালিসিয়া হবে অন্যতম। এর উপকূলীয় অঞ্চল থেকে চমৎকারভাবে এই মহাজাগতিক দৃশ্য দেখতে পাওয়া যাবে। সুর্যাস্তের আলো যেসময়ে উপকূলে পড়তে শুরু করবে, সেই সময়েই গ্রহণটি তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। আশা করা যায় গ্রীষ্মে আকাশ পরিষ্কার থাকার ফলে স্পেনে গ্রহণের দৃশ্য খুব ভালোভাবে দেখা যাবে। তবে এই সূর্যগ্রহণের ছায়া ভারতের ওপর দিয়ে না যাওয়ায় ভারতবাসীরা এই দৃশ্য থেকে বঞ্চিত হবেন।
আরও পড়ুনঃ বর্ষায় ঘরের ভ্যাপসাভাব কাটাতে এই মোডে চালান AC, কম আসবে বিদ্যুতের বিলও
ইউরোপের ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, বেলারুশ, রাশিয়া, ফিনল্যান্ড, ইউক্রেন, স্লোভাকিয়া, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, সার্বিয়া, ইতালি, কসোভো, উত্তর মেসিডোনিয়া ও আলবেনিয়া থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এছাড়া উত্তর-পশ্চিম আফ্রিকারও কিছু অঞ্চল থেকে এই গ্রহণ আংশিকভাবে প্রত্যক্ষ করা যাবে। এই অঞ্চলগুলি হল – মরক্কো, পশ্চিম সাহারা, মৌরিতানিয়া, আলজেরিয়া, তিউনিসিয়া, মালি, সেনেগাল, গাম্বিয়া, গিনি-বিসাউ, গিনি, সিয়েরা লিওন, লাইবেরিয়া, আইভরি কোস্ট ও বুর্কিনা ফাসো।










