ট্যাক্স ছাড়াই যাতায়াত করবে জাহাজ, হরমুজ প্রণালীতে ভারতের জন্য সুখবর!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের জন্য বড় স্বস্তির খবর! হরমুজ প্রণালী (Strait Of Hormuz) পুনরায় খুলতে ইরান (Iran) এবং ওমানের মধ্যে একটি বড়সড় চুক্তি হতে চলেছে! আর এই চুক্তি একবার স্বাক্ষরিত হয়ে গেলে হরমুজ দিয়ে যাতায়াতকারী কোনও জাহাজ থেকেই টোল বা টাকা আদায় করা হবে না। আর সেটা একদিক থেকে ভারতের জন্য যথেষ্ট স্বস্তির তা বলাই যায়। শোনা যাচ্ছে, এই বিশেষ চুক্তি স্বাক্ষরিত হলে সেই চুক্তি অনুযায়ী, প্রত্যেকটি জাহাজ ইরানের নিয়ন্ত্রণে থাকা সমুদ্রপথ দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করার পর ওমান নিয়ন্ত্রিত জলপথ দিয়ে বেরিয়ে আসবে।

বিনা খরচে হরমুজ দিয়ে যাতায়াত করবে ভারতের জাহাজ

সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, শীঘ্রই খুলে যেতে পারে হরমুজ প্রণালী। এই আন্তর্জাতিক জলপথ খোলার জন্য ইরান এবং ওমানের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে সেই চুক্তি অনুযায়ী, হরমুজ পার করার জন্য কোনও জাহাজের কাছ থেকে টোল বা ফি আদায় করা যাবে না। তবে সূত্রের খবর, যেকোনও ধরনের চুক্তির ভবিষ্যৎ নির্ভর করছে আমেরিকা ইরানের বন্দরগুলির উপর থেকে অবরোধ তুলে নেয় কিনা তার উপর। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তাঁরা এমন কোনও চুক্তি গ্রহণ করবে না যেটা কিনা ইরানকে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ দেয়। কিন্তু তা সত্ত্বেও মঙ্গলবার আমেরিকার কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন খুব শীঘ্রই হরমুজ প্রণালী খোলার জন্য একটি নতুন চুক্তি হতে পারে। এ প্রসঙ্গে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একেবারে খোলাখুলি জানিয়ে দিয়েছেন, ইরান এবং ওমানের সাথে আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে এ নিয়ে চূড়ান্ত কোনও চুক্তি এখনও পর্যন্ত হয়নি। মনে করা হচ্ছে, বিশেষ চুক্তিটি হয়ে গেলে ভারতেরও সমস্ত জাহাজ নিখরচায় হরমুজ দিয়ে যাতায়াত করতে পারবে।

অবশ্যই পড়ুন: পরপর ২৫ কোটির চেক বাউন্স, হুমায়ূন কবীরকে তাড়াল বিপদে পড়া মহামেডান স্পোর্টিং!

উল্লেখ্য, এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতা করার তাগিদে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। সূত্রের খবর, তিনি ট্রাম্পকে জানিয়েছেন, এই দীর্ঘ সংঘাতের অবসান ঘটাতে কাতার নিজে থেকে এ বিষয়ে মধ্যস্থতা করতে চায়।