প্রীতি পোদ্দার, কলকাতা: বাড়িতে টিকটিকির (Lizard) উপদ্রবে নাজেহাল অবস্থা সকলেরই। গরম পড়লেই বাড়ির আনাচে কানাচে বাড়ে টিকটিকির আনাগোনা দেখা যায়, এমনকি বর্ষাকালেও রেহাই নেই। তাছাড়া টিকটিকিরা ঋতু বৈচিত্র নিয়ে বিশেষ মাথা ঘামায় না। সুযোগ পেলেই ঘরের দেওয়ালে হেঁটে বেড়ায়। এদের উপদ্রবে খাবারদাবার থেকে বাড়ির জিনিসপত্র, কিছুই আঢাকা রাখা যায় না। তাই এই জ্বালা থেকে বাঁচতে (Get Rid Of Lizards) মেনে চলুন কিছু ঘরোয়া টোটকা।
টিকটিকি উপদ্রবে বাড়ছে সমস্যা
টিকটিকি নিশ্চিন্ত আশ্রয়ের লোভে বাড়ির আনাচে কানাচে, সরু ফাটলে কিংবা ঘুলঘুলির মধ্যে ঢুকে পড়ে। মূলত ঘর বাড়ি অপরিষ্কার থাকলে এদের হানা আরও বেড়ে যায়। দেখতে নির্বিষ হলেও প্রাণীটি কিন্তু মোটেও নির্বিষ নয়। খাবারে টিকটিকি পড়া মানে তা বিষাক্ত হয়ে যাওয়া। আর ভুলেও যদি সেই খাবার কেউ খায় তাহলে তার পেটের সমস্যা হবেই হবে। তাহলে চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কিছু কার্যকরী টিপস।
বাড়ি থেকে টিকটিকি তাড়ানোর সহজ উপায়
- টিকটিকি সরানোর জন্য ন্যাপথলিন খুব কার্যকরী উপাদান। এর জন্য ঘরের বিভিন্ন কোণায়, ড্রয়ারে, আলমারির পিছনে কয়েকটি ন্যাপথলিন বল রেখে দিতে হবে। কারণ টিকটিকি এই ন্যাপথলিন বলের তীব্র গন্ধ একদমই সহ্য করতে পারে না। এছাড়াও বাথরুমে টিকটিকির আনাগোনা কমানোর জন্যও ন্যাপথলিন বল রাখতে পারেন। দেখবেন উপদ্রব কমবে।
- টিকটিকির জ্বালা থেকে বাঁচতে পেপার স্প্রে বেশ গুরুত্বপূর্ণ উপাদান। এক্ষেত্রে বাজার থেকে এই স্প্রে কেনার দরকার নেই, বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তার জন্য জলে কিছুটা গোলমরিচের গুঁড়ো গুলে স্প্রে বোতলে ভরে নিন। যদি গোলমরিচ না থাকে তাহলে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। যেখানে টিকটিকি দেখবেন সেখানে গিয়ে স্প্রে করে দিন, দেখবেন ঘর ছেড়ে পালাবে।
আরও পড়ুন: ভুলেও এইভাবে তামার পাত্রে জল খাবেন না, বাড়বে বিপদ
- টিকটিকিরা একদমই কফির গন্ধ সহ্য করতে পারে না। সেক্ষেত্রে কফি এবং তামাক একসঙ্গে মিশিয়ে অল্প জল দিয়ে ছোটো ছোটো বল বানিয়ে নিন। এরপর সেগুলি ঘরের কোণায় কোণায় রেখে দিন। দেখবেন টিকটিকি পালিয়ে গেছে। এছাড়াও ডিমের খোসাও ব্যবহার করতে পারেন।
- পেঁয়াজ ও রসুনের গন্ধও এতটাই তীব্র যে সেই গন্ধ পেয়ে বা দেখে টিকটিকি আর ওই জায়গায় আসে না । তাই পেঁয়াজ ও রসুনের কোয়া ঘর, রান্নাঘরের বিভিন্ন জায়গায় রেখে দিন। এছাড়াও একটি প্লাস্টিকের বোতলে কিছুটা জল নিয়ে তার মধ্যে পেঁয়াজের টুকরো কিংবা রসুনের কোয়া রেখে দিন। এতে টিকটিকি তো বটেই অন্য পোকামাকড়, মথের উপদ্রব থেকেও রেহাই পাবেন।










