অনেকদিন পড়ে থেকে টকে গেছে দই? না ফেলে এভাবে কাজে লাগান

Published:

yogurt (1)

আনিষা চৌধুরী, কলকাতা: টক হোক বা মিষ্টি, কমবেশি প্রতিটি বাঙালির কাছেই দই জিনিসটা ভীষণ কার্যকরী একটি দ্রব্য। অনেকেই বাড়িতে দই (Yogurt) জমান। টক দইয়ের ক্ষেত্রে একটি অসুবিধা হল, খুব বেশিদিন ফেলে রাখা যায় না। দুদিন ফেলে রাখলেই অনেক সময় দই টক হয়ে যায়। ফলে খাওয়ার ইচ্ছা চলে যায় এবং অনেকে সেই দই সরাসরি ফেলে দেন। তবে দইয়ে যদি দুর্গন্ধ, ফাঙ্গাস বা অন্য কোনও নষ্ট হওয়ার লক্ষণ না থাকে, তাহলে শুধু টক হয়ে যাওয়ার কারণে সেটা আর ফেলতে হবে না। খাবার হিসেবে ব্যবহার না করা গেলেও এই দই দিয়ে ঘরের বেশ কিছু কাজ করা যায়। জেনে নিন অত্যধিক টক হয়ে যাওয়া দই ব্যবহারের চারটি ভীষণ কার্যকরী উপায়।

১. ত্বকের যত্নে নিতে এর জুড়ি মেলা ভার

টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বকের উপর জমে থাকা মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে। তাই এটিকে বেসন ও সামান্য মধুর সঙ্গে মিশিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করা যায়। দই, বেসন ও মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক কিছুটা নরম ও মসৃণ হবে। তবে সরাসরি মুখে ব্যবহারের আগে অবশ্যই ছোট জায়গায় প্যাচ টেস্ট করে নিন।

২. চুল ও স্ক্যাল্পের যত্নেও কাজে লাগতে পারে

খাবার হিসেবে ব্যবহারের উপযোগী না থাকলেও এই দই চুলে ব্যবহার করা যেতে পারে। যদি একেবারে নষ্ট না হয়ে যায় তাহলে টক দই চুলের পুষ্টির জন্য কাজে লাগান। দই চুলের গোড়ায় লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারেন। এতে চুল নরম ও মসৃণ অনুভব হবে। দইয়ের ল্যাকটিক অ্যাসিড স্ক্যাল্প পরিষ্কার রাখতেও সাহায্য করে। তবে স্ক্যাল্পে কোনও ক্ষত, জ্বালা বা সংক্রমণ থাকলে এটি ব্যবহার না করাই ভালো।

৩. পিতল ও তামার জিনিস পরিষ্কার করতে পারেন

সময়ের সঙ্গে পিতল বা তামার বাসন ও অন্যান্য জিনিসের উজ্জ্বলতা কমে গিয়ে কালচে হয়ে যায়। এই কালচে ভাব পরিষ্কার করতেও টক দই ব্যবহার করা যায়। অল্প টক দইয়ের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপর সেটি পিতল বা তামার জিনিসে লাগিয়ে কয়েক মিনিট রেখে দিন। তারপর নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে আলতো করে ঘষে নিন। শেষে জল দিয়ে ধুয়ে শুকনো কাপড়ে ভালোভাবে মুছে ফেলুন। তবে কোনও পুরনো বা অ্যান্টিক জিনিসে ব্যবহারের আগে ছোট অংশে পরীক্ষা করে নেওয়া ভালো।

৪. গাছের মাটিতেও এই দই ব্যবহার করা যায়

বাড়িতে গাছ বা ছোট কিচেন গার্ডেন থাকলে বেঁচে যাওয়া টক দই একেবারে ফেলে না দিয়ে মাটিতে ব্যবহার করা যেতে পারে। তবে দই সরাসরি গাছের গোড়ায় ঢেলে দেওয়া উচিত নয়। এক ভাগ দইয়ের সঙ্গে প্রায় ১০ ভাগ জল মিশিয়ে অনেকটা পাতলা করে অল্প পরিমাণে মাটিতে দেওয়া যেতে পারে। দইয়ের কিছু মাইক্রোব মাটির মাইক্রোবিয়াল পরিবেশে প্রভাব ফেলে। তবে সব ধরনের গাছের ক্ষেত্রে এর উপকারিতা নিশ্চিত নয়। তাই খুব বেশি পরিমাণে বা ঘন ঘন ব্যবহার করা উচিত নয়।

আরও পড়ুন: ঠিক যে কারণে ভারতকে ৬ গোল খাইয়ে জিততে পারল উরুগুয়ে

ব্যবহারের আগে বেশ কয়েকটি জিনিস মাথায় রাখুন

শুধু টক হয়ে যাওয়া দই এবং নষ্ট হয়ে যাওয়া দই কিন্তু এক জিনিস নয়। দই থেকে অস্বাভাবিক দুর্গন্ধ বের হলে, রং বদলে গেলে, ফাঙ্গাস দেখা দিলে কিংবা তার গঠন অস্বাভাবিক হয়ে গেলে সেটি কোনওভাবেই ব্যবহার করবেন না। এমন দই মুখে, চুলে, বাসন পরিষ্কারে বা গাছের মাটিতেও ব্যবহার করা উচিত নয়। পরের বার দই বেশি টক হয়ে গেলে সরাসরি ফেলে দেওয়ার আগে দেখে নিন সেটি সত্যিই নষ্ট হয়েছে কি না। শুধু টক হয়ে থাকলে, উপযুক্ত নিয়ম মেনে ঘরের বিভিন্ন কাজে সেটিকে কাজে লাগানো যেতে পারে।

google button