বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরের মাঠে পানামাকে আটকে দিয়ে স্বপ্ন দেখিয়েছিল ভারতীয় ফুটবল দল (India Football Team)। সেই স্বপ্ন বুকে বেঁধেই ব্রাজিল ম্যাচ দেখতে যান ভক্তরা। তবে স্টেডিয়ামে গিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে 4-0 ব্যবধানে ভারতের পরাজয়টা দেখতে হয়েছিল তাঁদের। আগে থেকেই ম্যাচের ফলাফল ভেবে আসায়, সেটা হজম করতে খুব একটা সমস্যা হয়নি ভারতের ফুটবল পাগল মানুষজনের। তবে উরুগুয়ে ম্যাচটা নিয়ে আশাটা একটু বেশিই ছিল। ম্যাচের শুরুতে ভক্তদের মনে ভরসা দিলেও শেষ পর্যন্ত বিশ্বের অন্যতম দাপুটে ফুটবল দলের কাছে 6-1 ব্যবধানে হারতে হল ভারতকে (India Vs Uruguay)। যার নেপথ্যে রয়েছে এক বড় কারণ।
ঠিক যে কারণে এত বড় ব্যবধানে হারল ভারত
মঙ্গলবারের ম্যাচে চেষ্টার কোনও কমতি রাখেনি ভারত। শুরুতে পেনাল্টি থেকে গোল খেয়েও ঘুরে দাঁড়িয়েছিলেন মনবীর সিংরা। প্রথম গোল হজম করার 10 মিনিটের মধ্যেই অনিরুদ্ধ থাপার পায়ের জাদুতে ম্যাচের একমাত্র গোলটি পেয়েছিল ভারত। সেখান থেকেই যুবভারতীর দর্শকদের মনে জ্বলে উঠেছিল আশার প্রদীপ। তবে ম্যাচ শেষে সেই প্রদীপ নিভিয়ে দিলেন উরুগুয়ের প্লেয়াররা। এদিন বিশেষ করে ভারতীয় সমর্থকদের স্তব্ধ হয়ে যেতে হয়েছিল বিরতির পর।
মঙ্গলবার, দুই দল হাফ টাইম শেষ করে মাঠে নামার পরই শুরু হয়েছিল ভারতের দুঃসময়। হঠাৎ করেই দুর্বল হয়ে পড়ে ভারতের রক্ষণভাগ। আর সেই দুর্বলতাকে সুযোগ বানিয়েই একের পর এক গোল করে গিয়েছিল উরুগুয়ে। যদিও ভারতের নড়বড়ে রক্ষণের নেপথ্যে দায়ী করা হচ্ছে 3 ম্যাচ খেলার ক্লান্তি এবং প্রধান কোচ খালিদ জামিলের কিছু পরিকল্পনাকে। আর তাই হয়তো, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছিল উরুগুয়ে।
আরও পড়ুন: রান্নার পর গ্যাস সিলিন্ডার ফেরত দিলেই পাবেন কড়কড়ে ৫০০ টাকা, জানুন কীভাবে
ফুটবল বিশেষজ্ঞদের একটা বড় অংশ বলছেন, বাকি 45 মিনিটের খেলায় ভারতের ফুটবল যদি ছন্নছাড়া হয়ে না পড়তো, রক্ষণভাগ যদি আঁটসাঁট থাকতো, সেক্ষেত্রে বিদেশি প্লেয়ারদের কাছে হেরে গেলেও ব্যবধানটা এতটা বড় হতো না। দলের ব্যর্থতা দেখে অবশ্য ম্যাচের মাঝেই পরিকল্পনায় একাধিক বদল এনেছিলেন প্রধান কোচ খালিদ জামিল। প্লেয়ার পাল্টে পাল্টে খেলানো হয়েছিল। কিন্তু তাতেও রক্ষণের ফাঁকফোকর ভরাট করা যায়নি। সেটাই যুবভারতীতে ভারতকে নতুন করে পিছিয়ে পড়তে শেখালো।










