ডিম তাজা না পুরোনো চিনে নিন বাইরে থেকেই, সহজ এক পরীক্ষা শেখাল FSSAI

Published:

Egg Freshness Test

অনন্যা সরকার, কলকাতা: সস্তায় পুষ্টিপ্রদানকারী ডিম (Egg) অধিকাংশ মানুষেরই খুব পছন্দের একটি খাবার। জলখাবার হোক বা মধ্যাহ্নভোজন ডিমের নানা পদ পাতে পুষ্টির সাথে স্বাদের যুগলবন্দী ঘটায়। কিন্তু এই ভেজালের দুনিয়ায় ডিম টাটকা বা বাসি – তা নির্ধারণ করা অনেকের ক্ষেত্রেই কঠিন হয়ে যায়। দোকান থেকে আনা বা ফ্রিজে রাখা ডিম তাজা কি না, তা বাইরে থেকে দেখে বলা সম্ভব নয়, তাই খারাপ ডিমও অনেকসময় অজান্তেই কিনে আনেন ক্রেতারা। তবে রান্না করার আগে ডিম তাজা আছে কিনা, তা পরীক্ষা করে নেওয়া দরকারি। তাই সম্প্রতি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) ডিম সতেজ আছে কিনা জানার জন্য একটি খুব সহজ পরীক্ষার কথা জানিয়েছে। পরীক্ষাটির জন্য শুধু একপাত্র জল আর ডিমের প্রয়োজন।

জলে ডুবিয়ে ডিমের সতেজতা পরীক্ষা

এফএসএসএআই তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই পরীক্ষাটি ব্যাখ্যা করে একটি ভিডিও প্রকাশ করেছে। এর জন্য প্রথমে এক গ্লাস প্রায় অর্ধেক জল দিয়ে ভরতে হবে। এরপর, ধীরে ধীরে ডিমটি জলের মধ্যে ফেলে দিতে হবে। যদি ডিমটি গ্লাসের তলায় আড়াআড়িভাবে থাকে, তবে এটিকে তাজা বলে ধরে নেওয়া যাবে। কিন্তু, যদি ডিমটি তলায় সোজা দাঁড়িয়ে থাকে, তাহলে বুঝতে হবে এটি তুলনামূলকভাবে পুরোনো। তবে, সেক্ষেত্রে ডিমটি খাওয়ার উপযুক্ত থাকতেই পারে। কিন্ত এই ডিমটাই যদি জলের ওপরে ভেসে ওঠে, তবে সেটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই ধরনের ডিম না খাওয়াই ভালো।

তবে, শুধু জল দিয়ে পরীক্ষার ওপর নির্ভর না করে ডিমের ক্ষেত্রে আরও কিছু বিষয় দেখে নেওয়া দরকার। যেমন খোসায় কোনও ফাটল আছে কিনা এবং তার মধ্যে থেকে ডিমের তরল অংশ বেরিয়ে আসছে কিনা, ডিম ভেঙে রান্নায় ব্যবহারের সময় অস্বাভাবিক গন্ধ পাওয়া যাচ্ছে কিনা, অথবা ডিমের ভিতর কোনও বিবর্ণতা বা অস্বাভাবিক কোনও রঙ দেখা যাচ্ছে কিনা পরখ করে নেওয়া উচিত।

আরও পড়ুন: হতে পারে বড়সড় বিপদ, গ্যাস সিলিন্ডার লাগানোর আগে অবশ্যই করুন এই কাজ

ডিমকে অনেকদিন ধরে ভালো রাখার জন্য এর সংরক্ষণের পদ্ধতিটিও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, ডিম কেনার পর সেগুলোকে তার ক্রেট বা বাক্সে করেই ফ্রিজে রাখা ভালো, এতে ফ্রিজের অন্যান্য খাবারের গন্ধ ডিম শোষণ করতে পারবে না। আর ফ্রিজে রাখার ক্ষেত্রে দরজার গায়ের তাকের পরিবর্তে ভেতরের তাকে রাখা ভালো। কারণ ফ্রিজের দরজা বারবার খোলা-বন্ধ করার কারণে সেখানকার তাপমাত্রার ওঠানামা বেশি হয়। ডিম সংরক্ষনের জন্য ফ্রিজের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার কম রাখতে হবে।

আরও পড়ুন: বর্ষায় আর নুন-চিনি দলা পাকাবে না, কৌটোয় রাখুন এই ৩ জিনিস

উল্লেখ্য, ফ্রিজে রাখার আগে ডিম ধোয়া উচিত নয়। জল দিয়ে ধুলে ডিমের খোসার ওপর থাকা প্রাকৃতিক সুরক্ষার স্তরটি নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রয়োজনে রান্নার ঠিক আগে ডিম ধুয়ে নেওয়া যায়। অনেকেরই কয়েকদিন অন্তর অন্তর ডিম কিনে মজুত রাখার অভ্যাস থাকে। তাই ফ্রিজে নতুন পুরোনো ডিম একসাথে জমতে থাকে। এগুলিকে চেনার জন্য আলাদা করে রাখা প্রয়োজন। ডিমের প্যাকেটে কবে কেনা হয়েছে, সেই তারিখ লিখে রাখলে চিনতে সুবিধা হয়। আগে কেনা ডিমগুলো আগে ব্যবহার করাই ভালো। 

আরও Egg FSSAI