ঘি মাখানো রুটি খেলে সারে একাধিক ব্যাধি, জেনে নিন সমস্ত উপকারিতাগুলি

Published:

Ghee Greased Roti

অনন্যা সরকার, কলকাতা: ভারতীয়রা মূলত ভাত, রুটির ওপর জীবনধারণ করেন। অনেক পরিবারেই ঘি মাখানো রুটি (Ghee Greased Roti) খাওয়ার প্রচলন রয়েছে। বাড়ির বয়স্ক থেকে খুদে সদস্য – ঘি লাগানো রুটি খেতে অনেকেই পছন্দ করেন। এটি স্বাস্থ্যের জন্য ভালো এবং শরীরকে শক্তিশালী করে বলেও মনে করা হয়। পুষ্টিবিদরাও মানেন যে, সঠিক পরিমাণে দেশি ঘি খেলে স্বাস্থ্যের জন্য তা সত্যিই উপকারী হতে পারে। আসুন তাহলে আজ জেনে নেওয়া যাক রুটিতে ঘি মাখিয়ে খেলে শরীরে কী কী উপকার হতে পারে। 

ঘি মাখানো রুটি খাওয়ার উপকারিতাগুলি

পুষ্টিবিদরা জানাচ্ছেন, রুটিতে ঘি মাখালে রুটির গ্লাইসেমিক ইনডেক্স কমে যায়, অর্থাৎ এটি রক্তে শর্করার মাত্রা সেই পরিমাণে বাড়াতে পারে না, যতটা সাধারণ রুটিতে বাড়ে। তাই যাঁরা রক্তে শর্করার মাত্রা নিয়ে চিন্তিত থাকেন, তাঁদের জন্য ঘি মাখানো রুটি একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। যদিও ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার আগে সবসময়ই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

এর পাশাপাশি, ঘিতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট হজম প্রক্রিয়া সঠিক রাখতেও সাহায্য করে। এটি অন্ত্রকে পিচ্ছিলতা বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। আর, ঘি মাখানো রুটি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, তাই ঘনঘন ক্ষিদে পায় না। ফলে অস্বাস্থ্যকর ফাস্ট ফুড বা মিষ্টির প্রতি আসক্তি কমে। এই কারনেই যাঁরা ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন, তাঁদের জন্য ঘি মাখানো রুটি একটি ভালো বিকল্প, তবে খেতে হবে সীমিত পরিমাণে।

আর পড়ুন: রান্নার আগে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন, নষ্ট হচ্ছে না তো পুষ্টিগুণ? জেনে নিন আসল সত্যি

পুষ্টিবিদরা জানান, ঘিতে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই রয়েছে, যা হাড় ও জয়েন্টের শক্তি বৃদ্ধি করে। আয়ুর্বেদ শাস্ত্রমতে, যাঁরা যৌবনকালে নিয়মিত ঘি খান, বয়সকালে তাঁদের হাঁটু ও জয়েন্টের সমস্যা কম হয়। তাই শীতকালে ঘি মাখানো রুটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া, দেশি ঘিতে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে প্রচুর, যা ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায় ও উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্যে করে। ঘিয়ে থাকা শর্ট-চেইন এবং মিডিয়াম-চেইন ফ্যাটি অ্যাসিড ইনস্ট্যান্ট এনার্জি যোগায়। সেই কারণে আগেকার দিনে কৃষক ও শ্রমিকেরা কাজে বেরোনোর আগে শক্তি বৃদ্ধির জন্য ঘি মাখানো রুটি খেতে পছন্দ করতেন। 

কত পরিমাণে ঘি খাওয়া উচিত?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অন্য যেকোনো খাবারের মতো মতোই ঘি-ও সীমিত পরিমাণে খাওয়া উচিত। বেশি খেলে বেশি উপকার মিলবে – বিষয়টা এমন নয়। বরং বেশি খেলে ফল হতে পারে উল্টো। সাধারণত, প্রতি রুটিতে মাখানোর জন্য প্রায় এক চা চামচ ঘি যথেষ্ট। অতিরিক্ত ঘি খেলে ওজন বৃদ্ধির সাথে সাথে অন্যান্য স্বাস্থ্যজনিত সমস্যাও দেখা যেতে পারে। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় পরিমিত পরিমাণেই ঘি যোগ করা উচিত।

আরও Ghee Roti