খেতে হবে না বাসি চিকেন, চোখের দেখাতেই চিনে নিন টাটকা মুরগির মাংস

Published:

Chicken

আনিষা চৌধুরী, কলকাতা: ভাগাড়-কাণ্ডের খবর সামনে আসার পর থেকেই মুরগি বা খাসি যে কোনও মাংসের নাম শুনলেই মনে দানা বাঁধছে সন্দেহ। বাইরে রেস্তোরাঁয় খাওয়ার কথা ভাবতেই পারছেন না মানুষ, অনেকে আবার বাড়িতেও মাংস রান্না করা একেবারে বন্ধই করে দিয়েছেন। এর প্রভাব পড়েছে মাংসের দোকানগুলিতেও। তবে মুরগির মাংস (Chicken) মানেই যে খারাপ বা বাসি, তা কিন্তু নয়। কেনার সময় কয়েকটি বিষয় খেয়াল করলেই ভালো, টাটকা মাংস সহজেই বেছে নেওয়া যায়।

গন্ধ ও রঙেই চিনে নিন টাটকা না বাসি

মাংস কেনার আগে তার গন্ধটা ভালো করে লক্ষ্য করুন। টাটকা মুরগির মাংসে স্বাভাবিকভাবেই একটা কাঁচা মাংসের গন্ধ থাকবে। কিন্তু দীর্ঘক্ষণ পড়ে থাকা মাংস থেকে অস্বাভাবিক, অস্বস্তিকর বা বোঁটকা গন্ধ বের হতে পারে। যদি এমন গন্ধ পান তাহলে সেই দোকান থেকে দশ হাত দূরে থাকুন। রঙের দিকেও নজর দেওয়া জরুরি। সাধারণত টাটকা মুরগির মাংস হালকা গোলাপি দেখায়। অনেকক্ষণ পড়ে থাকলে সেই রঙ বদলে গিয়ে ধূসর বা ফ্যাকাসে হয়ে যেতে পারে। মাংসে অস্বাভাবিক রঙের পরিবর্তন চোখে পড়লে সেটি না কেনাই মঙ্গল।

কাটা মাংসে অনেকটা পরিমাণে রক্ত জমাট বেঁধে আছে কিনা, সেটিও দেখে নিন। এমন কিছু চোখে পড়লে সেই মাংস কেনাটা ঠিক হবে না। প্যাকেটজাত চিকেনের ক্ষেত্রে প্রথমেই প্যাকেটটি অক্ষত রয়েছে কিনা, তা পরীক্ষা করুন। প্যাকেটের পলিথিন আলগা হয়ে গেলে বা সিল ঠিকঠাক না থাকলে সেটি এড়িয়ে চলুন। কারণ প্যাকেটের অবস্থা দেখে মাংসটি ঠিকভাবে সংরক্ষিত হয়েছে কিনা, সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: কলকাতার কাছেই রয়েছে এক রহস্যময় সৈকত, যেখানে সমুদ্র হারিয়ে যায় ১০ কিমি অবধি

সবশেষে মাংসের গঠন দেখে নিতে পারেন। মাংসের গায়ে আঙুল দিয়ে হালকা চাপ দিয়ে দেখুন, টাটকা মাংস সাধারণত খুব শক্ত বা একেবারে নরম মনে হবে না। কিছুটা স্পঞ্জের মতো মনে হবে। অস্বাভাবিকভাবে শক্ত, অতিরিক্ত নরম বা চটচটে মনে হলে সেই মাংস না কেনাই ভাল। গন্ধ, রঙ, প্যাকেটের অবস্থা এবং মাংসের গঠন, মাত্র এই কয়েকটি বিষয় খেয়াল রাখলেই কোনও রকম চিন্তা ছাড়াই বাড়িতে আরাম করে মাংস খাওয়া যাবে।,