ঠকার দিন শেষ! একবার দেখেই চিনে নিন বাজারের সেরা টাটকা মাছ, রইল টিপস

Published:

Fresh Fish

আনিষা চৌধুরী, কলকাতা: মাছে-ভাতে বাঙালির ভোজনের তালিকায় মাছের জায়গা বরাবরই আলাদা। ঝাল-ঝোল-কালিয়া, মাছ ছাড়া বাঙালি এক পাও নড়ে না। ইলিশ থেকে রুই, কাতলা থেকে ভেটকি, পাবদা, পারশে, কই, মাগুর কিংবা মৌরলা, সকাল সকাল ভরে ওঠে মাছের বাজার। বিশেষ করে কোনও উৎসব বা বিশেষ অনুষ্ঠানের আগে মাছের চাহিদা আরও দ্বিগুণ বেড়ে যায়। তবে মাছ কেনার সময় শুধু পছন্দের মাছ বেছে নিলেই হয় না, মাছটা কতটা টাটকা বা তাজা (Fresh Fish) সেটাও দেখে নেওয়া জরুরি। কারণ সব মাছের সতেজতা শুধু চোখের দেখায় বাইরে থেকে সহজে বোঝা সম্ভব নয়। মাছ চেনার বিষয়ে খুব বেশি ধারণা না থাকলে বিক্রেতার কথার উপর নির্ভর করা ছাড়া অন্য কোনও উপায় থাকে না। তবে কয়েকটি সাধারণ বিষয় খেয়াল করলেই টাটকা মাছ বেছে নেওয়াটা কোনও ব্যাপারই না।

গন্ধেই মিলবে প্রথম ইঙ্গিত

অনেকেই মাছের বাজার শুনলেই নাক সিঁটকান। কিন্তু মাছ থেকে আঁশটে গন্ধ আসাটা একেবারেই স্বাভাবিক। তবে সেই গন্ধ যদি খুব তীব্র বা অস্বাভাবিক মনে হয়, তাহলে মাছটি অনেকক্ষণ ধরে রাখা হয়েছে কিনা, তা নিয়ে সতর্ক হওয়া ভালো। সাধারণত টাটকা মাছের গায়ে জলের গন্ধ থাকে। কিন্তু যদি সেটা বাসি বা অনেকক্ষণ ধরে ফেলে রাখা মাছ হয়, তাহলে সেই গন্ধ তুলনামূলকভাবে বেশি চড়া হতে পারে। তাই কেনার সময় মাছটা নাকের কাছাকাছি নিয়ে গন্ধটা একবার যাচাই করে নিতে পারেন। শুধু দেখতে ভালো লাগছে বলেই মাছটি টাটকা ধরে নেওয়া ঠিক নয়।

আঁশ, কানকো ও ত্বক দেখুন

মাছের আঁশ এবং ত্বকের অবস্থাও মাছটি কতটা তাজা সেটা বোঝার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। টাটকা মাছের শরীর ও পেশি তুলনামূলকভাবে শক্ত থাকে, তাই তার আঁশও সহজে আলগা হয়ে যায় না। আঁশ যদি খুব সহজেই উঠে আসে, তাহলে মাছটি বেশ পুরনো হওয়ার সম্ভাবনা থাকে। একই সঙ্গে কানকোর দিকটিও ভালো করে দেখে নিন। সতেজ মাছের কানকো সাধারণত টকটকে লাল বর্ণের দেখায়। মাছ পুরনো হলে সেই লালচে ভাব কমে গিয়ে কানকোর রং ইটের মতো বা কালচে হয়ে যেতে পারে। টাটকা মাছের ত্বকেও সাধারণত উজ্জ্বল ও চকচকে ভাব থাকে। মাছটি যত পুরনো হতে থাকে, সেই স্বাভাবিক জেল্লা কমসে কমতে ফ্যাকাশে হয়ে আসে।

আরও পড়ুন: জানেন, বিশ্বকর্মা পুজোর দিন কেন ঘুড়ি ওড়ানো হয়?

চোখ দেখে বুঝুন মাছ টাটকা না বাসি

উপরিউক্ত বিষয়গুলি পরীক্ষা করে নেওয়ার পর মাছ কেনার সময় শেষ আর একটি জিনিস ভালো করে দেখে নিন। সেটা হলো মাছের চোখ। টাটকা মাছের চোখ সাধারণত পরিষ্কার, উজ্জ্বল এবং কিছুটা স্ফীত থাকে। মাছটি বাসি হলে চোখের সেই স্বাভাবিক স্বচ্ছতা নষ্ট হয়ে যায় এবং বাসি মাছের চোখ অনেকটা ঘোলাটে দেখাতে পারে। তাই বাজারে মাছ কেনার সময় শুধু আকার বা দাম নয়, গন্ধ, আঁশ, কানকো, ত্বক এবং চোখ, এই কয়েকটি বিষয় একসঙ্গে খেয়াল করুন। তাহলেই বিক্রেতার কথার উপর পুরোপুরি নির্ভর না করে নিজের চোখেই মাছের সতেজতা যাচাই করে নেওয়া সম্ভব হবে।

আরও Fish Lifestyle