প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমান সময়ে দাঁড়িয়ে ফ্রিজ (Refrigerator) এমন এক ইলেকট্রিক ডিভাইস যেটা ছাড়া সকলেই প্রায় অচল। ব্যস্ততার সময়ে একটু বেশি রান্না করে রাখা হয় যাতে পরের বাকি দুই দিন হয়ে যায়। কিন্তু অনেকসময় দেখা যায় ফ্রিজ থেকে অনর্গল জল বেরোতে (Fridge Water Leakage) থাকে, তাই অনেকেই ঘাবড়ে গিয়ে মেকানিক ডেকে আনে, কিন্তু এই সমস্যা বাড়িতেই সমাধান করা যায়। কীভাবে? বিস্তারিত জেনে নিন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে।
অনেকসময় ফ্রিজ পুরোনো হয়ে গেলেই একাধিক সমস্যা দেখা যায়। মাঝে মাঝেই দেখা যায় ফ্রিজের থেকে জল পড়তে থাকে এক নাগাড়ে। বিশেষ করে গরমে ও বর্ষায় এই সমস্যা দেখা যায়। তখন অনেকেই ইলেকট্রিক ডিভাইস ঠিক করার জন্য তড়িঘড়ি মেকানিকের কাছে যান। তবে এক্ষেত্রে অবিলম্বে ফ্রিজ থেকে জল লিকেজ হওয়ার কারণগুলি আগে খুঁজে বের করা জরুরি। এবং ঘরে বসে আপনি নিজেই সেটি ঠিক করতে পারবেন এই উপায়গুলিতেই। জেনে নিন বিস্তারিত।
ড্রেনেজ ব্যবস্থায় সমস্যা
ভালো করে লক্ষ্য করে দেখবেন, সবজির ট্রে-র নীচে জল জমে, আর এর মূল কারণ হল রেফ্রিজারেটরের ড্রেনের মুখ বন্ধ হয়ে যাওয়া। ডিফ্রস্টিং- এর সময় জল এই ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। কিন্তু যদি এই ছিদ্রর মুখে খাবারের ছোট ছোট টুকরো, ময়লা বা বরফ জমে যায়, তাহলে জল বেরোতে পারে না এবং ট্রে-র নীচে জল জমতে থাকে। এটি ঠিক করতে হলে প্রথমে ফ্রিজটি বন্ধ করে আশেপাশের ময়লাগুলো পরিষ্কার করতে হবে।
তাপমাত্রা নিয়ন্ত্রণ
ফ্রিজের তাপমাত্রা সঠিক করতে হবে। অনেক সময় ফ্রিজে তাপমাত্রা ঠিক না করলে ভেতরে অতিরিক্ত আর্দ্রতা বা বরফ জমতে পারে। যা পরে গলে জল হয়ে যেতে পারে। তাই এক্ষেত্রে ফ্রিজের তাপমাত্রা সঠিক রাখা খুব জরুরী।
আরও পড়ুন: মশার উপদ্রবে অতিষ্ঠ, ডেঙ্গু থেকে বাঁচতে মেনে চলুন এই টিপসগুলো
গরম খাবার ফ্রিজে রাখা উচিত নয়
অনেকেই ভুলবশত গরম খাবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখেন। কিন্তু গরম খাবার সরাসরি ফ্রিজে রাখা উচিত নয় তাতে অতিরিক্ত আর্দ্রতা হয়ে যায়। যদি প্রতিদিন এমনটা হয়, তাহলে ফ্রিজের ভেতরে আর্দ্রতা বাড়তে পারে এবং জল জমে যেতে পারে।
ফ্রিজে অতিরিক্ত খাবার রাখা উচিত নয়
ফ্রিজে যদি অনেক শাকসবজি এবং অন্যান্য জিনিস অতিরিক্ত ঠাসাঠাসি করে থাকে তাহলে ঠান্ডা বাতাস একদমই চলাচল করতে পারে না। এতে বেশ কিছু জায়গায় আর্দ্রতায় জলের ফোঁটা দেখা যেতে পারে। তাই খেয়াল রাখবেন যেন পর্যাপ্ত জায়গা থাকে।










