সৌভিক মুখার্জী, কলকাতা: পড়ুয়াদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার একাধিক স্কলারশিপ চালু করে রেখেছে। তবে এর পাশাপাশি বিভিন্ন প্রাইভেট স্কলারশিপও চালু রয়েছে। যেগুলিও মোটা অংকের স্টাইপেন্ড দিয়ে থাকে। সেই সূত্রে স্কুল-কলেজের পড়ুয়াদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে পিএনবি হাউসিং ফাইন্যান্স লিমিটেড (PNB Housing Finance Limited)। হ্যাঁ, তাদের তরফ থেকে চালু করা হয়েছে বিশেষ স্কলারশিপ (PNB Scholarship), যেখানে ৩০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড মিলছে। জানুন বিস্তারিত।
কী এই পিএনবি স্কলারশিপ?
পিএনবি হাউজিং ফাইন্যান্স লিমিটেডের তরফ থেকে এই স্কলারশিপ দেওয়া হয়। তবে এই স্কলারশিপ শুধুমাত্র নির্মাণ শ্রমিকের সন্তানদের জন্যই। যাতে পড়ুয়াদের মাঝপথে পড়াশোনা বন্ধ না হয় এবং শিক্ষাজীবন চালিয়ে যেতে পারে, তার জন্যই এই স্কলারশিপ। আর্থিক সমস্যা এবং পড়াশোনার খরচের ভয়তে যারা পিছিয়ে পড়ে, তাদের কথা ভেবে এই স্কলারশিপ চালু করা। এক্ষেত্রে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী, এমনকি কলেজের পড়ুয়ারা স্কলারশিপ পেয়ে থাকে।
কী কী যোগ্যতা দরকার হয়?
এই স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল—
- এখানে আবেদন করার জন্য পড়ুয়াদের ভারতের নাগরিক হতে হবে।
- শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণী থেকে আন্ডার গ্রাজুয়েটের মধ্যে যে কোনও কোর্সে ভর্তি হতে হবে।
- পূর্ববর্তী পরীক্ষায় নূন্যতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই নির্মাণ শ্রমিকের সন্তান হতে হবে।
- পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
- তবে হ্যাঁ, পিএনবি হাউজিং ফাইন্যান্স বা Scholarlify এর কর্মচারীর সন্তানরা এখানে আবেদন করতে পারবে না।
কত টাকা স্টাইপেন্ড মেলে?
এই স্কলারশিপে মূলত শিক্ষার স্তর অনুযায়ী ভিন্ন ভিন্ন অর্থ সহায়তা করা হয়। যদি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর মধ্যে পড়াশোনা করা হয়, সেক্ষেত্রে ১২ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হয়। যারা একাদশ-দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে তাদেরকে ১৮ হাজার টাকা এবং যারা কলেজে আন্ডারগ্রাজুয়েট কোর্স করছে তাদেরকে ৩০ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হয়।
কীভাবে আবেদন করবেন?
এই স্কলারশিপে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- সর্বপ্রথম Scholarlify প্ল্যাটফর্মের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর নতুন আবেদনকারী হলে একবার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- তারপর আবেদন ফর্মে নিজের ব্যক্তিগত এবং একাডেমিক তথ্য দিয়ে পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করে দিন।
- এরপর সমস্ত তথ্য যাচাই করে সাবমিট করুন।
আরও পড়ুন: হারিয়ে ফেলেন দৃষ্টিশক্তি, বাবা নেই! আর্থিক অনটনের মধ্য দিয়েও IAS অফিসার জয়ন্ত
কী কী ডকুমেন্ট দরকার হয়?
এই স্কলারশিপে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলো দরকার পড়ে সেগুলি হল—
- পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট,
- পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার রিসিপ্ট কপি,
- পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট,
- নির্মাণ শ্রমিক হিসেবে অভিভাবকের সার্টিফিকেট,
- পরিচয় প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা যে কোনও আইডি প্রুফ,
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি এবং
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।










