নূন্যতম বেতন হতে চলেছে ৬৯,০০০ টাকা? সরকারি কর্মীদের জন্য বড় খবর

Published:

8th Pay Commission

সহেলি মিত্র,কলকাতাঃ কবে লাগু হবে অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission)? কত বাড়বে DA থেকে শুরু করে বেতন, পেনশন? এখন এই প্রশ্নই সকলের তরফে উঠছে। অষ্টম বেতন পে কমিশনের জন্য চাতক পাখির ন্যায় অপেক্ষা করছেন সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশন ভোগীরা। সবচেয়ে আলোচিত বিষয় হলো ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor)। এটি সেই সূত্র যার মাধ্যমে পুরানো মূল বেতনকে নতুন বেতনে রূপান্তরিত করা হয়। এখন জল্পনা শুরু হয়েছে, সকলের বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা অবধি! সত্যিই কি তাই? চলুন জেনে নেওয়া যাক।

অষ্টম বেতন পে কমিশনে বেসিক পে ৬৯,০০০ টাকা?

শোনা যাচ্ছে, অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে, কর্মচারীদের মূল বেতন সরাসরি ৬৮,০০০ টাকা অথবা ৬৯,০০০ টাকা হতে পারে। এই কারণেই কর্মচারী সংগঠনগুলো ক্রমাগত উচ্চতর ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানাচ্ছে। ভারতে এখনও পর্যন্ত সাতটি বেতন কমিশন কার্যকর করা হয়েছে। প্রথম বেতন কমিশন গঠিত হয়েছিল ১৯৪৬ সালে এবং তারপর থেকে প্রায় প্রতি ১০ বছর অন্তর একটি করে নতুন কমিশন গঠিত হয়েছে। অষ্টম বেতন কমিশন ২০২৫ সালের ৩ নভেম্বর গঠিত হয়েছিল, কিন্তু এর চূড়ান্ত সুপারিশগুলো এখনও অমীমাংসিত অবস্থাতেই রয়েছে। এই কমিশন বেতন, পেনশন এবং ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে।

সহজ কথায় বলতে গেলে, ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটি গুণক যা আপনার নতুন মূল বেতন নির্ধারণ করার জন্য আপনার পুরানো মূল বেতনের সাথে গুণ করা হয়। সপ্তম বেতন কমিশন ফিটমেন্ট ফ্যাক্টরটি ২.৫৭ নির্ধারণ করেছিল। এই কারণেই ষষ্ঠ বেতন কমিশনের ৭,০০০ মূল বেতন বেড়ে প্রায় ১৮,০০০ টাকা হয়েছিল। এখন, অষ্টম বেতন কমিশনে অনেক কর্মচারী সংগঠন ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮ থেকে বাড়িয়ে ৩.৮৩৩ করার দাবি জানাচ্ছে।

আরও পড়ুনঃ রিলায়েন্সের সাথে ভারতে প্রথম AI ডেটা সেন্টার তৈরি করছে Meta, ঘোষণা জাকারবার্গের

দাবি কি মানবে সরকার?

সরকার যদি এই দাবিগুলো মেনে নেয়, তাহলে কর্মচারীদের ন্যূনতম মূল বেতনে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যেতে পারে। যদি ৩.৮ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হয়, তাহলে হিসেবটি হবে ১৮০০০ × ৩.৮ = ৬৮৪০০, অর্থাৎ ন্যূনতম মূল বেতন প্রায় ৬৮,৪০০ টাকায় পৌঁছাতে পারে। তবে, যদি ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর লাগু করা হয়, তাহলে হিসেবটি হবে ১৮০০০ × ৩.৮৩৩ = ৬৮৯৯৪। এই পরিস্থিতিতে, মূল বেতন প্রায় ৬৯,০০০ টাকায় পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন যে, মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং কর্মচারীদের চাহিদার কথা বিবেচনা করে এ বছরের বেতন বৃদ্ধি উল্লেখযোগ্য হতে পারে। তবে এই বিষয়ে সরকার যতক্ষণ না কোনও সিদ্ধান্ত নিচ্ছে কিছু বলা সম্ভব হচ্ছে না।