অনন্যা সরকার, কলকাতা: দীর্ঘদিন ধরে বেসরকারি কোম্পানি, সংস্থা ও অন্যান্য সংগঠনে কাজ করছেন অথচ কোনো কারনে ইপিএফও (EPFO)-এর বিভিন্ন প্রকল্প ও সুবিধা গ্রহণ করতে পারেননি, এরকম কর্মচারীদের (Workers) জন্য দারুন সুখবর দিচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এবার ১৭ বছরের পুরোনো কর্মীরাও ইপিএফও-তে যোগ দিতে পারবেন। কীভাবে করা যাবে আবেদন আসুন জেনে নিই সম্পূর্ণ প্রক্রিয়া।
ইপিএফও সুবিধা দিচ্ছে পুরোনো কর্মীদের
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন চালু করেছে ‘এমপ্লয়ি এনরোলমেন্ট ক্যাম্পেইন’ (EEC)। এই ক্যাম্পেইনের মাধ্যমে ১৭ বছর পর্যন্ত পুরোনো কর্মচারীরা ইপিএফও-তে যোগ দিতে পারবেন। নিয়ম অনুযায়ী, ২০০৯ সালের ১ এপ্রিল থেকে ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে নিযুক্ত হওয়া কর্মচারীদের ইপিএফও-এর সদস্য হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: মাত্র ২৪-৪৮ ঘন্টার মধ্যে মিলবে টাকা, নিয়ম শিথিল করল EPFO
ইপিএফও-এর এই নতুন ক্যাম্পেইনের উদ্দেশ্যে হল যে সমস্ত যোগ্য কর্মচারীরা কোনো না কোনো কারণে এখনও সদস্য হিসেবে নথিভুক্ত হতে পারেননি, তাঁদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF)-এর অধীনে নিয়ে আসা। ইপিএফ-এর অধীনে ইতিমধ্যে নিবন্ধিত হওয়া বা না হওয়া সকল যোগ্য সংস্থা এই ক্যাম্পেইনের অধীনে আবেদন জমা দিতে পারবে। যোগ্য নিয়োগকর্তারা ইপিএফও পোর্টালের মাধ্যমে অনলাইনে ডিক্লেরেশন জমা দিয়ে তাঁদের কর্মচারীদের নাম ঘোষণা করতে পারবেন।
আরও পড়ুন: ১০ বছরের নিয়ম বদলে দিল EPFO, বাড়ল প্রভিডেন্ট ফান্ডের বেতনসীমা!
নাম ঘোষণা করা প্রতিটি কর্মচারীকে উমাং (Umang) অ্যাপের মাধ্যমে ফেস-অথেন্টিকেশন দিয়ে ইউনিক অ্যাকাউন্ট নাম্বার (UAN) তৈরি করতে হবে। এরপর ইলেকট্রনিক চালান-কাম-রিটার্ন (ECR)-এর মাধ্যমে নির্দিষ্ট ভাগের অংশ জমা দিতে হবে। এই উদ্যোগে এই বিষয়টিও তুলে ধরা হয়েছে যে, যদি পূর্ববর্তী সময়ে কর্মচারীর বেতন থেকে তাঁদের ভাগের অংশ কাটা না হয়ে থাকে, তবে সেই সময় অবধি তাঁর অংশটি মকুব করা হবে। এই নয়া ক্যাম্পেইনের জন্য বারাণসীতে অবস্থিত ইপিএফও (EPFO)-র আঞ্চলিক কার্যালয় সমস্ত ইন্ডাস্ট্রিয়াল, বানিজ্যিক, মেডিকেল, ম্যানপাওয়ার সাপ্লায়ার এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে চিঠি পাঠিয়েছে।










