বিক্রম ব্যানার্জী, কলকাতা: অনেক সময় কিছু না জানিয়েই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় ব্যাঙ্ক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলি (RBI New Auto Debit Rules)। প্রয়োজনের সময় এমনটা হলে বেশ সমস্যায় পড়েন সাধারণ গ্রাহকরা। বিশেষ করে এক মাসের EMI কাটতে গিয়ে একসাথে তিন-চারটি EMI কেটে নেওয়া হয়েছে এমন উদাহরণও কম নেই। এমন অবস্থায় পড়লে কী করবেন? পথ বাতলে দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গ্রাহকদের বাঁচাতে এবার নতুন নিয়ম চালু করেছে এই কেন্দ্রীয় ব্যাঙ্ক।
অটো ডেবিট যেন গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে গ্রাহকদের!
ধরা যাক আপনি একটি স্মার্টফোন কিনেছেন। EMI করিয়েছেন দুবছরের। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ধরা যাক 1000 টাকা কাটার কথা, সেই জায়গায় কেটে নেওয়া হয়েছে 3000 টাকা। অর্থাৎ একসাথে তিন মাসের EMI কেটে গিয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। এমন অবস্থায় পড়লে সাধারণত বেশ ভোগান্তি পোহাতে হয় গ্রাহকদের। সাধারণত ব্যাঙ্ক থেকে অটো ডেবিট ফরম্যাটে টাকা কেটে নেওয়ার বিষয়টিকে বলা হয় ই ম্যান্ডেট। যার ফলে স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যায় টাকা। এবার এই সমস্যার সমাধানে ময়দানে নেমেছে RBI।
বিশেষ নিয়ম চালু করল RBI
গ্রাহকরা যাতে আর ভবিষ্যতে সমস্যায় না পড়েন সেজন্য এবার অটো ডেবিট নিয়ে বেশকিছু নতুন নিয়ম চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। RBI বলছে, এবার থেকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট সংস্থাকে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার আগে আপনাকে সেই তথ্য জানাতে হবে। অটো পেমেন্ট বা অটো ডেবিট করার আগে গ্রাহককে দিতে হবে বার্তা। পাশাপাশি যে সংস্থা আপনার কাছ থেকে মাসের যে সময়ে টাকা কাটবে, সেই নির্দিষ্ট সময়ের 24 ঘন্টা আগে সংস্থাটিকে টাকা কাটার কথা নোটিফিকেশন দিয়ে জানাতে হবে।
এখানেই শেষ নয়, কেন্দ্রীয় ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহককে অটো ডেবিটের যে সতর্কবার্তা দেওয়া হবে সেই বার্তায় থাকতে হবে নির্দিষ্ট সংস্থার নাম, ঠিক কত টাকা কাটা যাবে সেই তথ্য, তারিখ এবং প্রয়োজনীয় যাবতীয় সবকিছু। সব মিলিয়ে বলাই যায়, এবার থেকে গ্রাহকের অনুমতি ছাড়া টাকা কাটতে পারবে না ব্যাঙ্ক বা অন্য কোনও সংস্থা। এই নতুন পেমেন্টের নিয়ম ওটিটি সাবস্ক্রিপশন থেকে শুরু করে ইন্সুরেন্স প্রিমিয়াম, ইলেকট্রিক বিল, জলের বিল, গাড়ি বা অন্য যেকোনও কিছুর EMI এর ক্ষেত্রে কার্যকর হবে।
অবশ্যই পড়ুন: সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকে সমস্যায় পড়ুয়ারা, বড় পদক্ষেপের পথে সংসদ
প্রসঙ্গত, একটি নির্দিষ্ট ক্ষেত্রে আবার আলাদা করে অনুমতির প্রয়োজন হবে না গ্রাহকের। RBI বলছে, FASTag ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডের অটো রিচার্জ এর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। এছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে টাকা অটো ডেবিট করার আগে সতর্ক বার্তা দিতে হবে ব্যাঙ্ক সহ অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানকে।










