এখনও পড়েনি পর্যটকদের পা, সমুদ্র বন্দর হওয়ার আগে ঘুরে আসুন দাদনপাত্রবাড়, রইল ঠিকানা

Published:

Dadanpatrabar Sea Beach

সহেলি মিত্র, কলকাতাঃ যতই পাহাড় থাকুক, ভ্রমণপিপাসু বাঙালির কাছে সমুদ্রের প্রতি এক আলাদাই টান রয়েছে। সমুদ্র মানেই হল দিঘা নয়তো পুরী। পাহাড় যেতে যা খরচ হয় তার অর্ধের খরচে অন্তত দিঘা ভ্রমণ হয়ে যায়। কিন্তু এখন তো সেখানেও ভিড়। আপনিও কি একটু ভার্জিন এবং ফাঁকা বিচ খুঁজছেন? দিঘা বা মন্দারমণির ভিড় এড়াতে চাইছেন? তাহলে আজ আপনাদের এমন এক অজানা সমুদ্র সৈকতের সন্ধান দেব যা এখন হট টপিক হয়ে উঠেছে সকলের কাছে। সেখানে আগামী কিছু সময়ের মধ্যেই তৈরি হতে চলেছে গভীর সমুদ্র বন্দর। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন, আজ আলোচনা করা হবে একদমই জনহীন সমুদ্র সৈকত ‘দাদনপাত্রবাড়’ (Dadanpatrabar Sea Beach) নিয়ে।

ঘুরে আসুন জনহীন ‘দাদনপাত্রবাড়’ সমুদ্র সৈকত থেকে

বাংলায় এমন অনেক সমুদ্র সৈকত রয়েছে যার নাম আজও অজানা অনেকের কাছে। নেই সেখানে কোনও বড় সুযোগ সুবিধা। শুধু রয়েছে বিস্তৃত জলরাশি, ঝাউবন আর প্রকৃতি। তেমনই একটি অপূর্ব সুন্দর জায়গা হল ‘দাদনপাত্রবাড়’। এই জায়গায় এখনও অবধি তেমন পর্যটকদের আগমন ঘটেনি।

বিচে এলেই দেখতে পাবেন অনেক নৌকা রয়েছে। জোয়ারের সময়ে বালিয়ারির শেষ অবধি জল চলে আসে। এখানে থাকা ঝাউবন জায়গাটির সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই জায়গাটি মন্দারমনির খুবই কাছে। সেখানে যাওয়ার আগেই দাদনপাত্রবাড় পড়বে। এখানে নেই কোনও থাকার জায়গা।

কোথায় থাকবেন?

আপনাদের জানিয়ে রাখি, ‘দাদনপাত্রবাড়’-এ আপনি কোনও থাকার জায়গা পাবেন না। এখানে কোনও হোটেল, রিসোর্ট আপনি কিছুই পাবেন না। সেক্ষেত্রে আপনাকে থাকতে হলে মন্দারমনি কিংবা দিঘা যেতে হবে। এদিকে এই দাদনপাত্রবাড়েই হতে চলেছে অন্যতম বড় সমুদ্রবন্দর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে তাজপুর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রবাড় এলাকায় রাজ্যের প্রায় ১৭০০ একর জমি রয়েছে। আর সেই জমিকে কেন্দ্র করেই আগামি দিনে বন্দর প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে, এই বন্দর তৈরি হয়ে গেলে বাংলার সামুদ্রিক অর্থনীতির নবজাগরণের নতুন অধ্যায়ের সূচনা হবে।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গের লুকনো রত্ন, বর্ষায় ঘুরে আসুন দার্জিলিং-র নতুন অফবিট ‘জৌবাড়ি’ থেকে

কীভাবে যাবেন দাদনপাত্রবাড়?

এখন নিশ্চয়ই ভাবছেন এই দাদনপাত্রবাড়ে যাবেন কীভাবে? আপনি মন্দারমণি বা দিঘা থেকে অনায়াসেই টোটো কিংবা প্রাইভেট গাড়ি বুক করে ঘুরে আসতে পারেন। কলকাতা থেকে যারা যাবেন, তারা চাউলখোলা থেকে বামে মোড় নিয়ে প্রায় ৮-১০ কিলোমিটার গেলেই দাদনপাত্রবাড় পৌঁছানো যাবে। চাউলখোলা থেকে অটো, টোটো বা গাড়ি ভাড়া পাওয়া যায়।