সহেলি মিত্র, কলকাতাঃ কেমন হয় যদি চোখ খুললেই হিমালয়ের কিছু সুন্দর দৃশ্য, নিদারুণ ও ছবির মতো সুন্দর উপত্যকা সামনে থাকে? ভাবছেন কতই না ভালো হত! কিন্তু কলকাতায় সেসব দৃশ্য আর কোথায়! রয়েছে শুধু কাজের চাপ আর চাপ। আপনিও কি সেই একই রোজ একঘেঁয়ে লাইফ থেকে সামান্য বিরতি নিয়ে উল্লেখিত দৃশ্য উপভোগ করতে ইচ্ছুক? ভাবছেন কোথায় গেলে এমন ছবি দেখতে পাবেন? তাহলে জায়গাটি সম্পর্কে জানতে আপনাকে পড়তে হবে আজকের এই আর্টিকেলটি। শুধুমাত্র প্রথমে বলতে পারি, জায়গাটি আপনার, আমার প্রিয় সিকিমে (Sikkim)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন বিশদে জেনে নেওয়া যাক তাহলে।
ঘুরে আসুন ছবির মতো সুন্দর বার্সে থেকে
আজ আপনাদের এমন এক অজানা একদম অফবিট ডেস্টিনেশনের খোঁজ দেব যেটির নামও হয়তো আজ প্রথমবারের মতো শুনবেন। সিকিম বলতেই মানুষ গ্যাংটক, লাচুং, লাচেন, নাথুলা, ছাঙ্গু লেক বোঝেন। কিন্তু এই সিকিমের বুকেই রয়েছে এমন এক অফবিট ও সুন্দর জায়গা যেখানে গেলে আর আপনার সেখান থেকে ফিরে আসতে মন বা ইচ্ছা কোনওটাই চাইবে না। আজ কথা হচ্ছে সিকিমের সুন্দর জায়গা বার্সে বা ভার্সে (Varsey) গ্রাম নিয়ে।
আরও পড়ুনঃ ফের সক্রিয় ঘূর্ণাবর্ত, জারি অতি ভারী বৃষ্টির সতর্কতা, আজকের আবহাওয়া
এই ছোট্ট গ্রামটি ১০,০০৩ ফুট উচ্চতায় অবস্থিত। বার্সে রোডোডেনড্রনে ভরপুর রয়েছে। জায়গাটি সিঙ্গালিলা পর্বতমালার পাশে ১০৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই জায়গার শান্ত পরিবেশ, সবুজ গাছপালা এবং রোডোডেনড্রন অভয়ারণ্য আপনার মনে চিরকালের মতো জায়গা করে নেবে। আপনি যদি একটু অ্যাডভেঞ্চার লাভার হন তাহলে এই জায়গা আপনার জন্য একদম আদর্শ হিসেবে প্রমাণিত হতে পারে। এই ভার্সেতে আপনি বিভিন্ন ধরণের বিরল উদ্ভিদ ও প্রাণীদের দেখতে পাবেন। ক্রমেই এই জায়গা পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা হয়ে উঠছে। অনেকেই আছেন যারা পাহাড়ে ঘুরতে গিয়ে একটু নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করেন। আপনিও যদি গ্যাংটক বা অন্যান্য জনপ্রিয় জায়গাগুলির ভিড় এড়াতে চাইছেন, তাহলে এই জায়গা আপনার জন্য একদম পারফেক্ট।
কীভাবে পৌঁছাবেন বার্সে?
এখন নিশ্চয়ই ভাবছেন সিকিমের এই সুন্দর গ্রামটিতে কীভাবে পৌঁছাবেন? তাহলে জানিয়ে রাখি, এই ভার্সে বা বার্সের সবথেকে কাছের রেল স্টেশন হল এনজেপি, শিলিগুড়ি। এখান থেকে অনায়াসেই আপনি গাড়ি বুক করে চলে আসতে পারবেন। এর জন্য প্রথমে জোরথাং এবং সোমাবাড়ি হয়ে হিলি পৌঁছান। ৯,০০০ ফুট উচ্চতায় অবস্থিত হিলি এই অভয়ারণ্যের অন্যতম প্রবেশদ্বার। এখান থেকে ঘন রডোডেনড্রন বনের মধ্যে দিয়ে বার্সের দিকে ৪ কিলোমিটারের একটি সহজ ট্রেক করে গন্তব্যে পৌঁছে যেতে পারবেন।










