আধার কার্ডের ছবি পছন্দ নয়? জেনে নিন বদলানোর সহজ নিয়ম

Published:

Adhaar Card Picture

আনিষা চৌধুরী, কলকাতা: আধার কার্ডের (Aadhaar Card) ছবি নিয়ে অনেকেই ঠাট্টা-তামাশা করেন ঠিকই কিন্তু এটি আমাদের গুরুত্বপূর্ণ পরিচয়পত্রগুলির মধ্যে অন্যতম। তাই এই নথিতে থাকা প্রতিটি তথ্য সব সময় ঠিকঠাক রাখা জরুরি। বয়সের সঙ্গে মুখের চেহারা বদলে যাওয়া, পুরনো ছবি ঝাপসা হয়ে যাওয়া এগুলি খুবই স্বাভাবিক ব্যাপার। কেউ যদি চান তাহলে সহজেই নিজের আধার কার্ডের পুরনো ছবি পরিবর্তন করতে পারেন এবং সেখানে নতুন ছবি যোগ করতে পারেন। তবে এই কাজ বাড়িতে বসে অনলাইনে করা সম্ভব নয়। ছবি বদলাতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আধার এনরোলমেন্ট বা আপডেট সেন্টারে গিয়ে তার জন্য আবেদন করতে হবে।

কীভাবে বদলাবেন আধারের ছবি?

আধার কার্ডের ছবি পরিবর্তনের জন্য প্রথমে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে আপডেট ফর্ম নিতে হবে। সেখানে শূন্যস্থানে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ছবি পরিবর্তনের বিষয়টি জানাতে হবে। ফর্ম জমা দেওয়ার পর কেন্দ্রের কর্মী আপনার নতুন ছবি লাইভ ক্যামেরায় তুলবেন। অর্থাৎ, আগে থেকে তোলা কোনও ছবি বা সেলফি নিয়ে গিয়ে আধারে আপলোড করার কোনও ব্যবস্থা নেই। ছবি তোলার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বায়োমেট্রিক যাচাইও করা হবে। কাজ শেষ হলে একটি একনলেজমেন্ট স্লিপ (Acknowledgement slip) দেওয়া হবে, যাতে আপনার আপডেটের নম্বরটি দেওয়া থাকবে।

কতদিন সময় লাগবে এবং খরচ কত?

UIDAI-এর নিয়ম অনুযায়ী, ছবি পরিবর্তন বায়োমেট্রিক আপডেটের মধ্যে পড়ে। তাই এর জন্য ১০০ টাকা ফি দিতে হয়। ছবি পরিবর্তনের আবেদনের পর আপডেট সম্পূর্ণ হতে একটু তো সময় লাগবেই। সর্বোচ্চ প্রায় এক মাস সময় লাগতে পারে, যদিও অনেক ক্ষেত্রে তার আগেই প্রক্রিয়া শেষ হয়ে যায়। শুধু ছবি বদলানোর জন্য আলাদা করে কোনও ছবি বা অন্য নথি জমা দেওয়ার প্রয়োজন নেই, কারণ নতুন ছবি আধার কেন্দ্রেই তোলা হয়।

আরও পড়ুন: BRICS সম্মেলনের মাঝেই মোদি, পুতিনদের সাথে ডিনার করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় খবর

আধার আপডেটের আবেদন করার পরে পাওয়া একনলেজমেন্ট স্লিপটি যত্ন করে রাখতে হবে। সেখানে থাকা আপডেট নম্বরটি ব্যবহার করে UIDAI-এর ওয়েবসাইটে আবেদনের স্ট্যাটাস দেখা যায়। আপডেট এর প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেই ‘My Aadhaar’ পরিষেবার মাধ্যমে নতুন ছবিসহ e-Aadhaar ডাউনলোড করা যাবে। তাই আধারের ছবি পরিবর্তন করতে চাইলে অনলাইনে ছবি আপলোডের চেষ্টা করে কোনও লাভ নেই। সরাসরি অনুমোদিত আধার কেন্দ্রে গিয়ে আবেদন করলে তবেই পরিবর্তন সম্ভব।