বিক্রম ব্যানার্জী, কলকাতা: অ্যাম্বুলেন্স (Ambulance) ডাকলেই মিলবে না বিনামূল্যে পরিষেবা। কিছু ক্ষেত্রে গুনতে হবে মোটা টাকাও! হ্যাঁ, এবার থেকে সব ধরনের পরিষেবায় মিলবে না বিনামূল্যে Blinkit অ্যাম্বুলেন্সের সুবিধা। জরুরী ভিত্তিতে রোগীদের বিনামূল্যে পরিষেবা দেওয়ার সুবিধা থাকলেও অজরুরী বা নন ইমারজেন্সি সার্ভিসের ক্ষেত্রে দিতে হবে 2500 টাকা। বৃহস্পতিবার এই নতুন নিয়মের কথা ঘোষণা করেছেন Zomato-র প্রতিষ্ঠাতা তথা Eternal- এর ভাইস চেয়ারম্যান দীপিন্দর গোয়েল।
সব ক্ষেত্রে বিনামূল্যে মিলবে না অ্যাম্বুলেন্স
দীপিন্দর গোয়েলের তরফে জানানো হয়েছে, গত দু’বছরে Blinkit অ্যাম্বুলেন্স প্রায় 42 হাজার রোগীকে পরিষেবা দিয়েছে। যার মধ্যে অন্তত 20 হাজার পরিষেবা ছিল জরুরী চিকিৎসার ক্ষেত্রে। এতদিন কোনও ক্ষেত্রেই অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য রোগীদের কাছ থেকে এক টাকাও নেওয়া হয়নি। তবে সাম্প্রতিক সময়ে অ্যাম্বুলেন্স বুকিং করা হচ্ছে রুটিন চেকআপ, হাসপাতালে যাতায়াত কিংবা হাসপাতাল থেকে বাড়ি ফেরার মতো অজরুরী কাজে। ঠিক সে কারণেই এবার এই ধরনের পরিষেবার ক্ষেত্রে 2500 টাকা করে চার্জ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Blinkit একেবারে বিবৃতি জারি করে জানিয়েছে, এই ধরনের অজরুরী কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার হলে জরুরী পরিস্থিতিতে বিপদের থাকা রোগীদের পরিষেবা দিতে সমস্যা হয়। প্রতিটি অ্যাম্বুলেন্সে প্রশিক্ষিত প্যারামেডিক ও জরুরী চিকিৎসার সরঞ্জাম থাকে বলেও জানিয়েছে সংস্থাটি। কাজেই বেশিরভাগ সময় অ্যাম্বুলেন্স যদি অজরুরী কাজে ব্যস্ত থাকে তবে সমস্যায় থাকা জরুরী চিকিৎসা প্রয়োজন এমন রোগীর কাছে পৌঁছানো সম্ভব হয় না। তাই নতুন নিয়মে শুধুমাত্র জরুরী পরিষেবার ক্ষেত্রেই বিনামূল্যে অ্যাম্বুলেন্সের সুবিধা মিলবে।
আরও পড়ুন: দ্বিতীয় ওয়ানডেতে জিতবে ভারত? ওয়েলিংটন স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার রেকর্ড কেমন দেখুন
প্রসঙ্গত, এবার থেকে নতুন নিয়ম অনুযায়ী হাসপাতাল থেকে বাড়ি ফেরা কিংবা রুটিন চেকআপের জন্য যাওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স বুক করলে রোগীর পরিবারের কাছ থেকে যে 2500 টাকা ভাড়া নেওয়া হবে সেই অর্থ যাবে Eternal Foundation-এর কাছে। এই সংস্থাটি মূলত Blinkit-এর অ্যাম্বুলেন্স পরিষেবা পরিচালনা করে থাকে। তারাই সংগৃহীত অর্থ পরবর্তীতে এই পরিষেবার পরিধি আরও বাড়ানো থেকে শুরু করে রোগীদের অতিরিক্ত পরিষেবা দেওয়ার কাজেও ব্যবহার করবে।










