প্রীতি পোদ্দার, কলকাতা: বিয়েবাড়ি হোক কিংবা কোনো ক্যাফেতে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা, মুচমুচে ফিশ ফ্রাই (Recipe) ছাড়া ঠিক যেন জমে না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভেটকি ফ্রাই খেয়ে থাকি। কিন্তু কোনোদিনও কি আপনারা কাতলা দিয়ে মুচমুচে ফ্রাই (Katla Fry) বানিয়েছেন? তাও আবার মুসুরডাল গুঁড়ো দিয়ে? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনাদের জন্য। খুব কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ির কায়দায় কাতলা ফ্রাই।
উপকরণ
ঠাকুরবাড়ির কাতলা ফ্রাই বানানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল- কাতলা মাছের পেটি, গরম মশলা, নুন, হলুদ, গোল মরিচ, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, টক দই, মুসুর ডাল, সর্ষের তেল।
রান্নার পদ্ধতি
ঠাকুরবাড়ির অসাধারণ এই কাতলা ফ্রাই বানানোর জন্য প্রথমে বাজার থেকে আনা কাতলা মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটি লোহার কড়াইয়ে গরম মশলা এবং গোল মরিচ গরম করে হালকা ভেজে নিতে হবে। এবার সেগুলি ভালো করে ব্লেন্ড করে একটি গুঁড়ো বানিয়ে নিতে হবে। অন্যদিকে এক এক করে পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচালঙ্কা বেটে নিতে হবে।
আরও পড়ুন: প্রচণ্ড গরমে ঝামেলাহীন রান্না, ঝটপট তৈরি করুন সর্ষে পোস্ত কাতলা
এবার একটি পাত্রে ধুয়ে রাখা মাছগুলোকে আদাবাটা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, টক দই, সামান্য নুন এবং ভেজে রাখা গোলমরিচ এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। অন্তত ১০ মিনিট এমন ভাবে রেখে দিতে হবে। অন্যদিকে একটি শুকনো কড়াইয়ে মুগডাল গুলো ভালো করে ধুয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মসুর ডালগুলো একটি ব্লেন্ডারের ব্লেন্ড করে নিতে হবে। তবে একদমই মিহি করে রাখবেন না, সামান্য আস্ত রাখবেন যাতে খাওয়ার সময় কুড়মুড়ে ভাবটা থাকে।
ম্যারিনেটের ১০-১৫ মিনিট পর এবার মাছগুলোকে সেই মসুর ডালের মিশ্রণ এর মধ্যে ভালো করে মাখিয়ে গরম তেলে ভেজে নিন। গরম গরম এই মাছের ফ্রাই কাসুন্দি অথবা টমেটো সস দিয়ে খেতে বেশ ভালোই লাগবে।










