ফুটপাতে ব্যাগ বিক্রি করেন বাবা, চরম দারিদ্র্যের মধ্যেও একসাথে NEET, JEE ও CUET ক্র্যাক ছেলের

Published:

NEET UG Success Story Om Chouksey

অনন্যা সরকার, মধ্যপ্রদেশ: লক্ষ্য যদি স্থির থাকে এবং তা অর্জনের জন্য আন্তরিকভাবে পরিশ্রম করা যায়, তাহলে দারিদ্র্য, প্রতিকূলতা – কোনও কিছু স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। মধ্যপ্রদেশের ইন্দোরের মেধাবী ছাত্র ওম চৌকসিও এটাই প্রমাণ করে দেখিয়েছেন (NEET UG Success Story Om Chouksey)। প্রবল আর্থিক অনটনের মধ্যে থেকেও, ওম দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ও কঠিন তিনটি পরীক্ষা – নিট (NEET), জেইই (JEE) এবং সিইউইটি (CUET) – একই সাথে পাস করে ইতিহাস সৃষ্টি করেছেন। তাঁর এই অসামান্য সাফল্য শুধু তাঁর পরিবারকে গর্বিতই করেনি, তার পাশাপাশি দেশজুড়ে বহু ছাত্রছাত্রীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

চরম দারিদ্র্যের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য জেদ

ওম চৌকসির শৈশব কেটেছে সংগ্রামের মধ্যে দিয়ে। তার বাবা ইন্দোরের ফুটপাতে স্কুলের ও বেড়াতে যাওয়ার ব্যাগ বিক্রি করে সংসার চালাতেন। পরিবারের আর্থিক অবস্থা একেবারেই ভালো ছিল না। তা সত্ত্বেও, বাবা-মা ওমের পড়াশোনায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তা সবসময় নিশ্চিত করে গেছেন। ওম তাঁর বাবা মায়ের এই জীবন সংগ্রাম প্রত্যক্ষ করে ঠিক করে নেন কোনও পরিস্থিতির কাছেই নতি স্বীকার করবেন না। দিনরাত তার একাগ্রতা ও কঠোর পরিশ্রমকে কাজ লাগিয়ে পড়াশোনা চালাতে থাকেন। কোনো নামিদামি কোচিং ও সুযোগ-সুবিধা ছাড়াই, ওম তাঁর সীমিত সম্পদকে কাজে লাগিয়েই পড়াশোনা চালিয়ে যান।

বেশিরভাগ ক্ষেত্রেই প্রার্থীরা একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাস করার জন্য বছরের পর বছর ধরে প্রস্তুতি নেন, কিন্তু ওম একই সাথে ভিন্ন স্ট্রিমের তিনটি কঠিন পরীক্ষার শুধু প্রস্তুতিই নেননি, তার সাথে উত্তীর্ণ হয়ে তাঁর বহুমুখী প্রতিভারও পরিচয় দিয়েছেন। ওম চৌকসি স্থানীয় সরকারি স্কুল থেকে তাঁর প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর মধ্যপ্রদেশ বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় সপ্তম স্থান দখল করেছিলেন তিনি। এরপর দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাতেও অসাধারণ ফল করে রাজ্যের মধ্যে দশম হন।

আরও পড়ুন: ইন্টারনেট পেতে পাহাড় চূড়ায় পড়াশোনা, NEET-এ সফল দুই বোন হবেন ডাক্তার

ওম নিট ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় (NEET) ৭২০-এর মধ্যে ৫২১ নম্বর পেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। পাশাপাশি, জেইই (JEE) ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষাতেও অত্যন্ত সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এছাড়াও, দেশের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির জন্য পরিচালনা করা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (CUET)-এও সফল হয়েছেন।

ওম চৌকসির এই অভূতপূর্ব সাফল্যের খবর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবের কাছে পৌঁছাতেই তিনি ওম ও তাঁর পরিবারকে অভিনন্দন জানান এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে তাঁর প্রশংসাও করেন। মুখ্যমন্ত্রী বলেন, ওম চৌকসির এই সাফল্য সেই সমস্ত ছাত্রছাত্রীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে, যারা প্রতিকূল পরিস্থিতিতেও নিজেদের স্বপ্ন পূরণের সাহস রাখে। ওমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি তার বাবা-মায়ের নিষ্ঠা ও ত্যাগকে কুর্নিশ জানান। ওমের এই সাফল্যের কাহিনীটি প্রমাণ করে যে, সুযোগ-সুবিধা না থাকলেও শৃঙ্খলা, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে যেকোনও বড় লক্ষ্য অর্জন করা সম্ভব।

আরও JEE Neet Success Story