বেঁচে যাওয়া মাংস দিয়েই ১০ মিনিটে বানিয়ে ফেলুন শিলে বাটা মুরগি, স্বাদ হবে দুর্দান্ত

Published:

Shile Bata Murgi Recipe

প্রীতি পোদ্দার, কলকাতা: চিকেনের লাল লাল ঝোল কিংবা কষা মাংস প্রায়ই খাওয়া হয় আমাদের। কখনও আবার আমরা স্বাদ পরিবর্তনের জন্য চিলিচিকেনও বানিয়ে থাকি, কিন্তু এই সব খাবার তো খুবই কমন। তাই চিকেনের একটু অন্যরকম রেসিপি ট্রাই করার জন্য আজ আমরা নিয়ে এসেছি এক অতুলনীয় পদ। আর সেটি হল শিলে বাটা মুরগি (Shile Bata Murgi Recipe)। স্বাদে ও গন্ধে এক কথায় দিলখুস। তাই আর দেরি না করে জেনে নিন রেসিপি।

শিলে বাটা মুরগি রেসিপি

ছুটির দিনে কম বেশি অনেকেই মাংস রান্না করে থাকে। সেই মাংসই বেশ কিছুটা পরের দিন থেকে যায়। অনেকেই আবার বাসী মাংস খেতে পছন্দ করেন না। তাই ওই অল্প মাংস ফেলে না দিয়ে খুব বুদ্ধি খাটিয়ে খুব সুন্দর পদ রান্না করা যাবে। হ্যাঁ সামান্য পরিমাণ মাংস দিয়েই বানিয়ে ফেলুন বাংলাদেশের বিখ্যাত একটি পদ, শিলে বাটা মুরগি। লাগবে সামান্য উপকরণ। একনজরে দেখে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

শিলে বাটা মুরগি রান্নার জন্য দরকার পড়বে সামান্য মুরগির মাংস, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সর্ষের তেল, শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা কুচি।

রান্নার পদ্ধতি

চিকেন তাকে প্রথমে ম্যারিনেট করার জন্য একটি পাত্রে সামান্য নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে আধ ঘণ্টা। অন্যদিকে কড়াইতে সামান্য তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে। এরপর সেগুলি ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিতে হবে। ওই একই তেলে এবার পেঁয়াজগুলিকেও ভেজে তুলে নিতে হবে।

আরও পড়ুন: স্ক্যাল্পে ঘাম জমে চুলকানি ও ফুসকুড়ি! এই ৪ ঘরোয়া টোটকায় মিলবে দ্রুত সমাধান

এবার একটি কড়াইতে তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলিকে ভেজে নিয়ে ওর মধ্যে সামান্য জল দিয়ে হাই ফ্লেমে সিদ্ধ করে নিতে হবে। এরপর ওই মাংসটি সিদ্ধ হয়ে এলে শিলনোড়া দিয়ে বেঁটে নিতে হবে। এরপর ভেজে রাখা শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা বেঁটে নিতে হবে ভালো করে। ভাজা পেঁয়াজটাও তার সঙ্গে বেঁটে দিতে হবে। শেষে সমস্ত বাটাগুলিকে ভালো করে একসঙ্গে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে সামান্য সর্ষের তেল দিয়ে, স্বাদ আরও বাড়ানোর জন্য দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ব্যাস, তাহলেই তৈরি শিলে বাটা মুরগি। গরম ভাত দিয়ে খেতে লাগবে অসাধারণ।