স্ক্যাল্পে ঘাম জমে চুলকানি ও ফুসকুড়ি! এই ৪ ঘরোয়া টোটকায় মিলবে দ্রুত সমাধান

Published:

Home Remedies For Itchy Scalp

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন কালবৈশাখী এবং বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ আরামদায়ক থাকলেও বৈশাখ মাস পড়তে না পড়তেই গরম যেন হুড়মুড়িয়ে বেড়ে গিয়েছে। ভ্যাপসা গরমে রীতিমত ঘামে গা চ্যাটচ্যাট করছে। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে চুলের সমস্যাও। ঘাম বসে গিয়ে স্ক্যাল্পের (Hair Care Tips) চুলকানি যেন বেড়েই চলেছে। অনেক সময় অতিরিক্ত ঘামের কারণে মাথায় ছোট ছোট ফুসকুড়িও দেখা দেয়। আপনারও কি একই সমস্যা হচ্ছে? তাহলে জেনে নিন ৪ ঘরোয়া টোটকার (Home Remedies For Itchy Scalp) সমাধান।

স্ক্যাল্পে জ্বালাপোড়া আর চুলকানি কমানোর উপায়

গরমের দিনে যারা নিয়মিত বাড়ির বাইরে কাজে যান তাদের মাথার স্ক্যাল্পে ঘাম বসে খুশকির সমস্যা তৈরি হয়। আসলে গরম ও আর্দ্র আবহাওয়ায় আমাদের ঘর্মগ্রন্থিগুলি বেশি সক্রিয় হয়ে ওঠে। ঘামের সঙ্গে যখন বাইরের ধুলো মেশে, তখন তা স্ক্যাল্পের ছিদ্র বা পোরসগুলো বন্ধ করে দেয়। ফলে ত্বকে অক্সিজেনের অভাব ঘটে এবং ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের বংশবৃদ্ধি ঘটে। সেই কারণে স্ক্যাল্পে এত জ্বালাপোড়া এবং চুলকানি হয়। তবে চিন্তা নেই, এই সব সমস্যারও বেশ কিছু সমাধান আছে।

লেবুর রস এবং নারকেল তেলের ম্যাজিক

চুলে প্রতিদিন তেল দেওয়া খুবই জরুরি, কারণ তেল চুলের পুষ্টি জোগায়। তবে যদি স্ক্যাল্পে খুশকি হয় তাহলে অবশ্যই নারকেল তেলের সঙ্গে ব্যবহার করতে পারেন পাতিলেবুর রস। ভালো করে এই দুটি উপাদান মিশিয়ে মাথার স্ক্যাল্পে এবং চুলে মেখে ১০-১৫ মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন খুশকির পরিমাণ যেমন কমবে ঠিক তেমনই চুলও বেশ ঘন হবে।

নিম পাতার রস

চুলের খুশকি তাড়ানোয় নিমের জুরি মেলা ভার। কারণ নিমের মধ্যে থাকে প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা গরমে দারুণ উপযোগী। ঘামের কারণে যাদের মাথায় ছোট ছোট ফুসকুড়ি বের হয়, তাদের জন্য নিম ম্যাজিকের মত কাজ করে। সেক্ষেত্রে নিম পাতার রস বেটে মাথার স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে মেখে নিতে পারেন। এছাড়াও নিম পাতা জলে ফুটিয়ে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন।

আপেল সাইডার ভিনিগার

চুলের স্ক্যাল্পে জ্বালাপোড়া এবং খুশকির দাপট কমাতে এবং স্ক্যাল্পের সুস্বাস্থ্য ধরে রাখতে আপেল সাইডার ভিনিগার খুবই কার্যকরী উপাদান। তবে আপেল সাইডার ভিনিগার কখনও স্ক্যাল্পে সরাসরি লাগাবেন না। তাহলেই উপকারের বদলে খিত হবে। এক্ষেত্রে এক কাপ জলে ২ চামচ ভিনিগার মেশান। তারপরে সেই মিশ্রণ স্ক্যাল্পে ঢেলে দিন। ১০ মিনিট পরে শ্যাম্পু করে নিন। তাহলেই উপকার মিলবে।

আরও পড়ুন: একঘেয়ে মাংস আর নয়, বানিয়ে নিন ‘চিকেন সুন্দরী’, রইল সহজ রেসিপি

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেলও চুলের সুস্বাস্থ্যের জন্য বেশ উপকারী উপাদান। এটিকে প্রাকৃতিক ময়শ্চারাইজারও বলা যায়। আসলে এটির মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ স্ক্যাল্পে চুলকানির সমস্যা দূর করে। তাই এটি যদি আপনি আপনার স্ক্যাল্পে লাগান, তাহলেই উপকার মিলবে। তবে অবশ্যই নিতে হবে টাটকা অ্যালোভেরা জেল। এটি শুধু জ্বালাপোড়া কমাবে না, স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্সও ঠিক রাখবে। সপ্তাহে দুইবার ব্যবহার করলেই ভালো ফল পাওয়া যাবে।