বাইরে নয়, এখন লোভনীয় চিকেন বিরিয়ানির সাধ মেটান বাড়িতেই, রইল সহজ রেসিপি

Published:

Chicken Biryani

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর (Durga Puja 2026) মরশুমে সবসময় বাইরের খাবার খেতে মন চায়। কখনও মোমো, চাউমিন তো কখনও আবার মোগলাই এগরোল, সঙ্গে বিরিয়ানি তো থাকবেই। কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রেখে সবসময় বাইরের খাবার খাওয়াও উচিত নয়। তবে তাতে কি? বাড়িতে যদি বিরিয়ানি খাওয়ার সাধ জাগে তাহলে আজই তৈরি করে ফেলুন চিকেন বিরিয়ানি (Chicken Biryani)। রইল সেই রেসিপি।

উপকরণ

চিকেন বিরিয়ানি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল- বাসমতি চাল, আলু, পেঁয়াজ, চিকেন, এলাচ, লবঙ্গ, জৈত্রি, গোটা ধনে, কালো এলাচ, জায়ফল, দারচিনি, শামরিচ, শাজিরে, ঘি, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিষ্টি আতর, আদা বাটা, রসুন বাটা, টক দই, দুধ, খোয়া ক্ষীর, এলাচ গুঁড়ো, গোলাপ জল, কেওড়া জল, মিঠে আতর, কেশর, সাদা তেল।

রান্নার পদ্ধতি

  • প্রথমে বাসমতি চাল গুলো ভালো করে ধুয়ে সেগুলি অন্তত ৩০ মিনিট জলের মধ্যে ভিজিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর একটি শুকনো কড়াইয়ের মধ্যে এলাচ, লবঙ্গ, জৈত্রি, গোটা ধনে, কালো এলাচ, জায়ফল, দারচিনি, শামরিচ, শাজিরে হালকা ভেজে সেগুলি ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে।
  • এরপর কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে ঘি দিয়ে কেটে রাখা পেঁয়াজ গুলোকে ভেজে নিতে হবে। ৭-৮ মিনিট পর যখন পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে যাবে তখন ওর মধ্যে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলা কষানোর জন্য দিয়ে দিতে হবে বেশি করে জল। ওর মধ্যেই দিয়ে দিতে হবে আলু।
  • আলুগুলো সেদ্ধ হওয়ার সময় ওর মধ্যে সামান্য কয়েক ফোঁটা মিষ্টি আতর দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর ৭ থেকে ৮ মিনিট পর আদা এবং রসুন বাটা ওর মধ্যে ঢেলে দিতে হবে। পুনরায় আলুগুলোর মশলা কষানোর জন্য ঢাকা দিয়ে রাখতে হবে।

আরও পড়ুন: পুজোর নিরামিষ মেনুতে রাখুন নবরত্ন কোর্মা, রইল সহজ রেসিপি

  • আলুগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন সেগুলোকে আলাদা করে অন্য পাত্র তুলে রেখে দিতে হবে এবং ওই একই গ্রেভির মধ্যে চিকেনের পিসগুলো ঢেলে দিতে হবে। ১০-১৫ মিনিট পর যখন চিকেনগুলো সেদ্ধ হয়ে আসবে তখন ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে উপর থেকে সামান্য টক দই ছড়িয়ে দিতে হবে।
  • দারুণ স্বাদের লেয়ার বানানোর জন্য টক দইয়ের ওপর ব্লেন্ড করে রাখা ভাজা মশলার গুঁড়োগুলো ছড়িয়ে দিতে হবে। অন্যদিকে হাঁড়িতে জল ফুটিয়ে ওর মধ্যে তেজপাতা, দারচিনি, গোলমরিচ, নুন এবং লবঙ্গ দিয়ে দিতে হবে। জলটা ফুটে এলে এবার ওর মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে। এরপর একটি বাটিতে দুধ ঢেলে ওর মধ্যে খোয়া ক্ষীর এবং এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে।
  • এবার সেদ্ধ চাল সামান্য নিয়ে আলু এবং চিকেনের লেয়ারের ওপর ছড়িয়ে দিতে হবে। উপর থেকে খোয়া ক্ষীরের মিশ্রণ সামান্য ছড়িয়ে দিতে হবে। আর তার সঙ্গেই সামান্য গোলাপজল কেওড়া জল এবং কেশর ভেজানো জল ছড়িয়ে দিতে হবে। ভালো করে লেয়ারিং করে ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দিতে হবে। ফ্রয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে এবার ডিম দিতে হবে। ব্যস তাহলেই তৈরি চিকেন বিরিয়ানি।
আরওChickenRecipe
google button