গরমে স্বাদ বাড়াবে সজনের ডাল চচ্চড়ি, ১০ মিনিটে বানিয়ে ফেলুন ভিটামিনে ভরপুর এই খাবার

Published:

Sojne Dal Chorchori Recipe

প্রীতি পোদ্দার, কলকাতা: এপ্রিলের শুরু থেকেই বৈশাখী গরম যেন ভয়ংকর হয়ে উঠেছে। রোদের তেজ এতটাই প্রখর ছিল যে বাড়ি থেকে বেরোতে একদমই মন চায় না। আর এইসময় শরীর সুস্থ রাখতে সকলেই ঠাণ্ডা জাতীয় খাবার খেতে পছন্দ করে। তাইতো শীতের মশলাদার রান্না সরে গিয়ে এইসময় রান্নাঘরে জায়গা করে নেয় হালকা, সহজপাচ্য এবং স্বাদে ভরপুর নানা পদ। তাই আজ আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে সজনের ডাল চচ্চড়ির রেসিপি (Sojne Dal Chorchori Recipe)। যার স্বাদ হার মানাবে সকলকে।

সজনের গুণাগুণ

বাঙালির পাতে এই সময় সজনের কদর খুব বেশি। কারণ পুষ্টিবিদদের মতে, সজনেতে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, ক্যলসিয়াম ও পটাশিয়াম রয়েছে, যা শরীরকে সুস্থ রাখতে বেশ কার্যকরী। এছাড়াও সজনেতে অ্যান্টিঅক্সিড্যান্টেও ভরপুর রয়েছে যা আবহাওয়া পরিবর্তনের সময় হওয়া ভাইরাসজনিত অসুখকে দূরে রাখে। বলা হয় গোটা সজনে গাছই বেশ উপকারী। তবে আজ আমরা শুধু ডাটা দিয়েই বানাবো এক দারুণ রেসিপি। একনজরে জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

সজনের ডাল চচ্চড়ি বানানোর জন্য দরকার সজনে ডাঁটা, মসুর ডাল, কাঁচালঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা, রসুন বাটা,হলুদ গুঁড়ো, নুন, সর্ষের তেল। প্রায় প্রত্যেকের রান্নাঘরে এই সমস্ত উপাদান থাকেই। চলুন এবার দেখে নেওয়া যাক রান্নার পদ্ধতি।

সজনের ডাল চচ্চড়ি বানানোর পদ্ধতি

সজনের ডাল চচ্চড়ি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে মসুর ডাল পরিমাণমত নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। অন্যদিকে কড়াইতে সামান্য তেল নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে মাঝারি আঁচে। এর সঙ্গে হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা ও সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর ওই মিশ্রণের মধ্যে ভেজানো ডাল ভালো করে জল ঝরিয়ে ওর মধ্যে দিতে দিতে হবে। সব মশলা সমেত ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।

আরও পড়ুন: চাকরি ছেড়ে বাড়ির ছাদে গাঁজা চাষ করছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপর যা হল

২ মিনিট পর ঢাকনা তুলে ওই ডালের মিশ্রণের মধ্যে জল দিয়ে ডালটাকে মশলা সমেত সেদ্ধ করে নিতে হবে। পরে যখন ডাল অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন কেটে রাখা সজনে ডাটাগুলো দিয়ে পুনরায় সেদ্ধ করে নিতে হবে। ৭-৮ মিনিট পর জল শুকিয়ে এলে হাত দিয়ে দেখে নিতে হবে, ডাল ও সজনে ডাটা সেদ্ধ হয়েছে কি-না। ভালোভাবে ডাল এবং ডাটা সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে সুগন্ধি এবং ঝালের জন্য ধনেপাতা কুচি ও কাঁচালঙ্কা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরি সজনের ডাল চচ্চড়ি। ভাতের সঙ্গে এই ডাল চচ্চড়ি একবার খেলে স্বাদ ভুলবেন না কোনোদিনই।