ভোটের দিন সকালে তুমুল অশান্তি! নদীয়ায় আক্রান্ত BJP এজেন্ট, চলছে চিকিৎসা

Published:

BJP Agent Attacked

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান, আজ, ২৯ এপ্রিল, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মেগা ফাইনাল (West Bengal Election 2026)। রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে একঝাঁক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। সকাল ৭টা থেকেই শুরু ভোটগ্রহণ প্রক্রিয়া, যা চলবে টানা সন্ধ্যা ৬টা পর্যন্ত। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই নজর সবার। এমতাবস্থায় ভোট গ্রহণ শুরুর আগেই নদীয়ার (Nadia) চাপড়ায় বিজেপির এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার (BJP Agent Attacked) অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তুমুল শোরগোল।

নদীয়ায় আক্রান্ত বিজেপি এজেন্ট

রিপোর্ট মোতাবেক, আজ, বুধবার দফায় দফায় বিধানসভা নির্বাচন শুরু হওয়ার পরেই নদিয়ার চাপড়া বিধানসভার হাটরা এলাকায় ৫৩ নম্বর বুথে বিজেপি এজেন্ট মোশারেফ হোসেনকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। শুধু তাই নয় মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তড়িঘড়ি তাঁর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে খবর। আক্রান্ত বিজেপি এজেন্টের জানিয়েছেন, “এজেন্ট হয়ে বুথে যাচ্ছিলাম। ওরা লাঠি নিয়ে তাড়া করে। আমার মাথায় মারে। তৃণমূলের কর্মীরা মারধর করেছে। আমরা ৫ জন আহত হয়েছি। আমি হাসপাতালে এসেছি। বাকিরা কোথায় গিয়েছে, জানি না।” যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

একাধিক ভোটকেন্দ্রে EVM বিকল

রাসবিহারী বিধানসভা কেন্দ্রে ‘গুন্ডামির’ অভিযোগ উঠে এল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ শাসকদলের লোকজন কংগ্রেসের বুথ এজেন্টকে ঢুকতে দিচ্ছেন না। অন্যদিকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গেলেও নদিয়ার শান্তিপুর বিধানসভার বাবলা পঞ্চায়েতের মোল্লাবেড় উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে EVM বিকল হয়ে পড়ে। এমনকি বেলঘরিয়া-২ পঞ্চায়েত এলাকায় একটি বুথে ভিভিপ্যাট কাজ করছে না বলে অভিযোগ। পাশাপাশি নবদ্বীপে ৬৯ নম্বর বুথে ভোট শুরু হওয়ার আগেই দেখা গেল EVM খারাপ। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রেও মেশিন খারাপ হওয়ার অভিযোগ উঠে এসেছে। তবে সেখানে আপাতত ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ফলতা কাণ্ডে উত্তাল রাজনীতি! অজয় পাল শর্মার বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা

দ্বিতীয় দফার ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুর। এই আসন থেকে লড়াই করছেন তৃণমূলনেত্রী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাই স্বাভাবিকভাবেই সেখানকার হাওয়া একটি বেশিই গরম। অন্যদিকে ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা আবার ফলতা বিধানসভা এলাকার পথে নজরদারি রাখছেন। ঘুরবেন অন্যান্য বিধানসভাও। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গের শেষ দফা ভোটের আগে ‘বিশেষ আবেদন’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি জানান, ‘‘আজ যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের সকলকে অনুরোধ করছি, রেকর্ড সংখ্যায় ভোট দিন। বিশেষ করে পশ্চিমবঙ্গের মহিলা ও যুব সম্প্রদায়ের বিপুল ভাবে ভোটদান করা জরুরি।’’