তৃণমূলকে সমর্থনের ইঙ্গিত, তৃতীয়বার মমতার সরকার হবে বলে মত কংগ্রেস পর্যবেক্ষকের

Published:

Gulam Ahmad Mir

প্রীতি পোদ্দার, কলকাতা: বহু প্রচেষ্টার পর এবং নির্বাচন কমিশনের তৎপরতার পর অবশেষে শান্তিপূর্ণভাবেই মিটল ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) ভোটগ্রহণ পর্ব। এদিকে ভোট শেষ হতেই রাতারাতি একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা বা ‘এক্সিট পোল’। কটি আসন পাবে বিজেপি (BJP), কটি আসন পাবে তৃণমূল (Trinamool Congress), তাই নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়ে গেছে। দুই দলই জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী। এমতাবস্থায় তৃণমূলের জয় নিয়ে বিস্ফোরক দাবি করলেন কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমদ মীর (Gulam Ahmad Mir)।

শাসকদলকে সমর্থনের ইঙ্গিত মীরের

গতকাল, বৃহস্পতিবার, কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমদ মীর মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের সঙ্গে। সেখানে ভোট সংক্রান্ত একাধিক প্রশ্ন করা হলে তিনি জানান, “তৃণমূল যদি একা সরকার গঠন করতে না পারে, সেক্ষেত্রে কংগ্রেস নির্ণায়ক ভূমিকা নেবে। তাদের সমর্থন দরকার পড়বে।” প্রাথমিকভাবে তিনি আরও জানিয়েছেন যে, অন্তত ২০০ আসনে ভোটের শতাংশ বাড়তে চলেছে দলের। আর জয় আসার প্রবল সম্ভাবনা রয়েছে ৮টি আসনে। নির্বাচনের প্রথম দফাকেই টার্গেট করছেন তারা। তবে দ্বিতীয় দফায় শ্রীরামপুরকে নিয়ে আশা রাখছেন তাঁরা। আর এই তথ্য প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। যদিও এই নিয়ে তৃণমূলের তরফে এখনও কিছু জানানো হয়নি।

সরকার গড়বে তৃণমূলই!

গুলাম আহমদ মীর ২৬ এর বিধানসভা নির্বাচন প্রসঙ্গে দাবি করেছেন যে, “বাংলার ভোট নিয়ে যে বিভিন্ন সংবাদ সংস্থা দাবি করছে এক্সিট পোল অনুযায়ী বিজেপি সরকার গঠন করবে, কিন্তু তা আদতে কিছুই হবে না, বরং তার উল্টো ফল হবে। কারণ রাজ্যের মহিলাদের হাতে সরাসরি যে আর্থিক সুবিধা দিয়েছে রাজ‌্য সরকার, তার সুফল তৃণমূলের পক্ষেই পড়বে। সত্যি বলতে বাংলার ভোটাররা খুব সচেতন। তাই এবার সাইলেন্ট ভোট হয়েছে বাংলায়। ভোটাররা কাউকে বুঝতে দেননি কাকে তাঁরা ভোট দিচ্ছেন। কারণ তৃণমূলকে সমর্থনের কথা বিজেপি জানতে পারলে, তারা অশান্তি করবে। আবার বিজেপিকে ভোট দিচ্ছে জানতে পারলে তৃণমূল ঝামেলা করবে।”

আরও পড়ুন: “নিয়ম ভাঙতে পারেননি..” মমতার ভবানীপুরের স্ট্রং রুম পাহারা নিয়ে বিস্ফোরক শুভেন্দু

কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমদ মীরের স্পষ্ট দাবি রাজ্যে অন্তত ৬০ শতাংশ মহিলা ভোট তৃণমূল পাবে। এমনকি বিজেপির ঘরের মহিলারাও নাকি তৃণমূলকে ভোট দেবে। কারণ হিসেবে জানিয়েছেন মাসে পরিবারপিছু আর্থিক ৮-১০ হাজার টাকার অনুদান। এছাড়াও রাজ্যে তৃণমূলেরই সাংগঠনিক শক্তি ভাল। অন্যদিকে ২০২৬-এর মেগা নির্বাচনের অন্তিম দফার ভোট মিটতেই এক্সিট পোল নিয়ে রণংদেহি মেজাজ দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আত্মবিশ্বাসের সুরে তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, ৪ মে ফল বেরোলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস ২২৬ তো বটেই, এমনকি ২৩০টি আসনও জিতে নিতে পারে। এখন অপেক্ষা শুধু ৪ তারিখের।