“পারলে আমাকে অ্যারেস্ট কর…তোর ক্ষমতা নেই” মুখ্যমন্ত্রীকে তুই-তোকারি কল্যাণের

Published:

Kalyan Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: আগেও একাধিকবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তবে এবার একেবারে মাত্রা ছাড়িয়ে তুই-তোকারি করে বেনজির কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের বিধায়ক ও সাংসদরা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে নতুন শিবির গঠন করে ফেলেছেন, সেখানে কল্যাণ সহ হাতেগোনা কয়েকজন সাংসদ এবং বিধায়ক এখনও কালীঘাট শিবিরে মাটি কামড়ে পড়ে রয়েছেন। আর তারাই বর্তমানে রাজ্যের শাসকদল বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। তবে এবার একেবারে মাত্রা ছাড়ালেন শ্রীরামপুরের সাংসদ।

মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ কল্যাণের

রাজ্যে পালাবদলের পর একাধিক প্রশাসনিক সংস্কার করেছে শুভেন্দু অধিকারীর সরকার। গতকালই দুর্গাপুজো উপলক্ষে একাধিক ফতোয়া জারি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে মুখ্যমন্ত্রীকে এবার সরাসরি তুই-তোকারি করে আক্রমণ করে বসলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল তৃণমূলের এক সাংগঠনিক সভা থেকে তিনি বলেন, “গুন্ডাগিরি করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারিস। কিন্তু কল্যাণ ব্যানার্জিকে আটকানোর ক্ষমতা তোর নেই। তোকে আমি সংবিধান দেখিয়েই ছাড়ব, যা।”

কল্যাণ আরও সুর চড়িয়ে বলেন, “পুলিশকে বলছিস সবাইকে অ্যারেস্ট করতে। তোর ব্যবস্থা আমি করব। আমি সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছি। পারলে তুই অ্যারেস্ট কর। দেখি তোর কত বড় হিম্মত শুভেন্দু। কর অ্যারেস্ট। ভারতবর্ষ দেখবে যে পশ্চিমবঙ্গে কেমন একটা মুখ্যমন্ত্রী এসেছে। ভারতবর্ষের মানুষ দেখবে, গণতন্ত্রকে কীভাবে একটা মুখ্যমন্ত্রী সাড়ে তিন মাসে নষ্ট করতে পারে। আমাকে তুই চিনিস না। আমি তোর মতো বড় বাবার ছেলে নই রে। আমি তোর মতো বড়লোক বাবার সম্পত্তি নিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করতে আসিনি। আমি তোকে দেখতে চাই। পারলে তুই আমাকে অ্যারেস্ট কর।”

আরও পড়ুন: সোনার বাজারে ফের বদল, রুপোর দাম কত? দেখুন আজকের রেট

এমনকি মুখ্যমন্ত্রীকে আরও আক্রমণ করে কল্যাণ বলেন, “তোর মতো আমি শিডিউল কাস্ট ব্রাহ্মণ নই। আমি অরিজিনাল ব্রাহ্মণ। সব সময় চক্রান্ত চলছে, কী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখব, কী করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখব। একটা মুখ্যমন্ত্রীর মাথায় যদি ২৪ ঘণ্টা এই চলে, তাহলে সে উন্নয়নটা কীভাবে করবে? দিদি যেগুলো করেছে সেগুলোকে ফলো করছে। শুধু নামটা বাদ দিয়ে দিচ্ছে। ওর মাথায় ঘিলু নেই। ওর মাথায় কৃমি ঘুরে বেড়াচ্ছে।”