সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল শেষ হয়েছে বাংলার দ্বিতীয় দফা তথা এবারের মতো নির্বাচন (West Bengal Election 2026)। তবে ভোট মিটতেই অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় বিজেপির জয়ের ইঙ্গিত দেওয়া হচ্ছে। সেই সমীক্ষাকে বিজেপির চক্রান্ত বলে উড়িয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সমাজমাধ্যমে নিজে এমনই এক ভিডিও বার্তা প্রকাশ করেছে তিনি স্পষ্ট দাবি করছেন যে, ইভিএম গণনাতে আসল ফলাফল বেরোবে এবং তৃণমূল কংগ্রেস এবার ২৩০ আসন পেরিয়ে যেতে পারে। মা মাটি মানুষ সরকারই আবার বাংলার ক্ষমতায় ফিরবে।
কী বললেন মুখ্যমন্ত্রী?
এদিন ভিডিও বার্তায় মমতাকে বলতে শোনা গিয়েছে, বুধবার প্রকাশিত অধিকাংশ সমীক্ষার ফলাফল বিজেপির তৈরি করা। বিজেপির লোকেরা প্রেসকে টাকা খাইয়ে এরকম এক্সিট পোল বানিয়েছে। গতকাল বেলা ১:০৮ মিনিটে বিজেপির অফিস থেকে একটা সার্কুলার জারি করা হয়েছিল। সেই অনুযায়ী সংবাদমাধ্যমকে টাকা দিয়েই সমীক্ষা দেখাতে বাধ্য করা হয়েছে। আমার কাছে সব খবর আছে। কেন্দ্রীয় এজেন্সি ও সংবাদমাধ্যমকে দিয়ে এরকম খেলা খেলছে ওরা।
মমতার সংযোজন, এই ভুয়ো সমীক্ষার পেছনে অর্থনৈতিক কারণও রয়েছে। আসল সত্যিটা বেরিয়ে আসলে শেয়ার বাজারে ধ্বস নামতে পারে। সেই কারণেই বিজেপি ওদেরকে টাকা খাইয়ে আর বাজারকে সান্তনা দিতে এই কাজ করিয়েছে। তিনি মনে করিয়ে দিয়েছেন ২০১৬ ও ২০২১ এর কথা। তিনি বলেছেন, অনেক সমীক্ষা তৃণমূলের হারের কথা বলেছিল। তবে মানুষ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই বেছে নিয়েছে। আর এবারও তার ব্যতিক্রম হবে না।
এদিকে গণনার দিন কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর আশঙ্কা, গণনা কেন্দ্রে বিজেপির কর্মীরা ইভিএম বদলে দেওয়ার পরিকল্পনা করছে। তাই কর্মীদের উদ্দেশ্য তিনি বার্তা দিয়েছেন যে, গণনা কেন্দ্রের বাইরে যেন রাত জেগে পাহারা দেওয়া হয়। দরকার হলে তিনি নিজেও তাঁর বিধানসভা কেন্দ্রে পাহারা দেবেন। তিনি বলেছেন, এতদিন কষ্ট করেছেন, আর একটা দিন তো করতেই পারেন বাংলার মাকে ক্ষমতায় ফেরানোর জন্য। এমনকি যতক্ষণ না পর্যন্ত ফলাফল চূড়ান্ত হবে, ততক্ষণ কোনও কর্মী বা এজেন্টকে টেবিল ছেড়ে উঠতে বারণ করেছেন তিনি। আর যদি বাথরুমে বা খাবার খেতে যেতে হয়, তাহলে সেই জায়গায় বিশ্বস্ত কাউকে বসানোর পরামর্শ দিয়েছেন, যে টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করবে না।
এদিকে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর এজেন্টরা সাধারণ মানুষের উপর জোরজুলুম চালিয়েছে। উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আমাদের কর্মীদের এক তরফা মারা হয়েছে। এমনকি বাচ্চাদের মারা হয়েছে। কিন্তু তারা কেউ এলাকা ছাড়েনি।
আরও পড়ুন: চুরি হওয়া ৬৫৭টি পৌরাণিক নিদর্শন ভারতকে ফিরিয়ে দিচ্ছে আমেরিকা, দাম কত জানেন?
সবথেকে বড় ব্যাপার, এবার সব বাধা কাটিয়ে মা মাটি মানুষ সরকারই বাংলায় ক্ষমতায় ফিরছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেছেন, আপনারা প্রচন্ড রোদে যেভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তাতে সত্যিই আমি গর্বিত। তার জন্য আমি কৃতজ্ঞ। মানুষ যেভাবে রায় দিয়েছে, তাতে আমরা ২২৬ তো ক্রস করবোই। এমনকি আমরা ২৩০-ও পেয়ে যেতে পারি।










