‘এয়ারপোর্টে আমার গাড়ির কাছেও এসেছিল বাহিনী,’ অভিষেক বিতর্কে সুর চড়ালেন মমতা

Published:

Mamata Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: আর হাতে গোনা কয়েকটা দিন। সামনেই বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। তবে তার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর তল্লাশি নিয়ে রাজ্যের রাজনীতি এখন তোলপাড়। আর ঠিক সেই আবহে এবার নিজের গাড়ি তল্লাশি নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার উত্তর দিনাজপুরের ইসলামপুর জনসভা থেকে তিনি দাবি করেন, আজ দমদম বিমানবন্দরে তাঁর গাড়ির কাছেও কেন্দ্র বাহিনী পৌঁছেছিলেন।

বিজেপি এবং কমিশনকে কড়া চ্যালেঞ্জ মমতার

প্রসঙ্গত, গাড়ি তল্লাশি নিয়ে ওই সম্মেলনে অভিযোগ তুলে নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করেছেন তৃণমূলের নেত্রী। তিনি জানিয়েছেন, তৃণমূলের সব নেতার গাড়িতে তল্লাশি হলে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতেও কেন তল্লাশি হবে না? এমনকি মমতার দাবি, কেন্দ্রীয় নেতাদের গাড়িতে করে টাকা আসে। সেন্ট্রাল ফোর্সের গাড়িতে কী কী আসে তার সমস্ত খবর আমার কাছে আছে। তিনি চ্যালেঞ্জ করে বলেন, যদি সাহস থাকে তাহলে যেন প্রতিদিন তাঁর গাড়িতে তল্লাশি চালানো হয়। বিজেপির নেতাদের মতো তিনি কোনও অনৈতিক কাজ করেন না বলেই দাবি তাঁর।

আরও পড়ুন: ঢুকবে না গরম হাওয়া, বাড়বে নিরাপত্তাও, এবার লোকাল ট্রেনেও অটোমেটিক দরজা

এদিকে ভোটের মুখে যেভাবে তৃণমূলের নেতাদের উপর কেন্দ্রীয় এজেন্সি বা বাহিনী সক্রিয় হয়ে উঠছে, তাকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসলামপুরের মঞ্চ থেকে তিনি স্পষ্ট দাবি করেছেন যে, ভয় দেখিয়ে তৃণমূলকে কোনও ভাবেই দমানো যাবে না। বরং কেন্দ্রীয় বাহিনীর এই অতি সক্রিয়তাকেই হাতিয়ার করে তিনি আমজনতার কাছে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলে জানিয়েছেন। সেই কারণে অভিষেকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চেকিং এর প্রচেষ্টা যে আগামী দিনে আরও বড় বিতর্কের দানা বাঁধাতে পারে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।