আনিষা চৌধুরী, কলকাতা: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করে তীব্র আক্রমণ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma)। শনিবার কোচবিহারের মধুপুরে গিয়ে মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, “মমতার কথা চিন্তা করলে ব্লাড প্রেসার বাড়বে”। হিমন্তের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনও দিনই রাজ্যের ক্ষমতায় ফিরতে পারবেন না। তাই তাঁকে নিয়ে ভাবনা না করে ওষুধপত্র খেয়ে শান্তিতে থাকার পরামর্শও দেন অসমের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এবার পশ্চিমবঙ্গের উন্নয়নের কাজ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই উন্নয়ন বসে বসে দেখতে হবে।
‘শুধু গ্রেফতার নয়, ডান্ডাও দিতে হবে’
নন্দীগ্রাম উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের মধ্যেই হিমন্তের এই মন্তব্য সামনে এসেছে। সম্প্রতি নন্দীগ্রামে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানকে খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অসমের মুখ্যমন্ত্রী জানান যা হয়েছে খুবই ভালো হয়েছে। তাঁর কথায়, কোনও ব্যক্তি যদি খুনের মামলার আসামি হন, তাহলে শুধু গ্রেফতার করলেই হবে না, তাঁকে ‘ডান্ডা’ও দিতে হবে।
উল্লেখ্য, মিলন প্রধানের বিরুদ্ধে ২০০৭ সালের নন্দীগ্রাম জমি অধিগ্রহণ-বিরোধী আন্দোলন সংক্রান্ত একাধিক পুরনো মামলায় অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর তাঁকে আদালতে পেশ করা হয় এবং ৩ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তাই বলাই বাহুল্য, বর্তমানে সবদিক থেকে ভেঙে পড়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে অসম ও পশ্চিমবঙ্গের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে একটি নজরকাড়া বিষয় হল কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকার কলকাতার বাড়ি সংরক্ষণ। অসম সরকার কলকাতার গল্ফ ক্লাব রোডের ওই বাড়িটি অধিগ্রহণ করে হেরিটেজ সম্পত্তি হিসেবে গড়ে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা চেয়েছে। এর আগে হিমন্ত বিশ্ব শর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর উপস্থিতি এবং দুই মুখ্যমন্ত্রীর একাধিক রাজনৈতিক বার্তালাপও দুই রাজ্যের ঘনিষ্ঠতার ছবি তুলে ধরেছে।










