মমতার প্রতীক ফুটবলার, ঋতব্রত শিবিরের খাম, কী হল দুই তৃণমূলের নাম?

Published:

Trinamool Congress

সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে কালীঘাট তৃণমূল (Trinamool Congress) এবং ঋতব্রত তৃণমূলের প্রতীক ঠিক করল কমিশন। ইসিআই এর সিদ্ধান্তে এবার কালীঘাট তৃণমূল পেল ফুটবলার প্রতীক। অন্যদিকে ঋতব্রত তৃণমূল শিবিরের প্রতীক চূড়ান্ত করল নির্বাচন কমিশন। জানানো হয়েছে, এবার ঋতব্রত তৃণমূল শিবিরের প্রতীক হবে খাম এবং ওই শিবিরের নাম হবে ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস। অন্যদিকে মমতার শিবিরের নাম হয়েছে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।

দুই শিবিরের নাম ও প্রতীক চূড়ান্ত করল কমিশন

এবারে নির্বাচনে ভরাডুবির পর দুই শিবিরে ভাগ হয়ে যায় তৃণমূলের বিধানসভা। একদল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি করে নব্য তৃণমূল, যারা নিজেদের আসল বলেই দাবি করে আসছে। অন্যদিকে মমতার শিবিরে পড়ে থাকেন হাতেগোনা কয়েকজন বিধায়ক। তবে প্রতীক এবং দলের নাম নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে দুই শিবিরের মধ্যে দড়ি টানাটানি। যেহেতু আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভায় উপনির্বাচন, তাই তার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিল কমিশন।

সম্প্রতি দুই শিবিরের প্রতিনিধিদের তলব করা হয় দিল্লিতে। সেখানে উভয় দলকেই তিনটি করে পছন্দের প্রতীক এবং নাম কমিশনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এমনকি আজ অর্থাৎ ১৮ সেপ্টেম্বরের মধ্যেই তা জমা দেওয়ার ডেডলাইন দেওয়া হয়েছিল। গতকাল রাতেই মমতা এবং ঋতব্রত শিবিরের তরফ থেকে ইমেইল করে নির্বাচন কমিশনের কাছে প্রতীক এবং দলের নামের বিকল্প পাঠানো হয়।

আরও পড়ুন: বাড়ির মুখে খাবার তুলে দিতে ভরসা একমাত্র টিনের নৌকো, ত্রাণের খোঁজে মালদার খুদে অদ্রিজা

সূত্র বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পাঠানো নামের বিকল্পগুলি হল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা, তৃণমূল কংগ্রেস মমতা। এমনকি প্রতীক ক্রিকেট ব্যাট এবং ফুটবলারের কথা জানানো হয়। অন্যদিকে ঋতব্রত শিবিরের তরফ থেকে পাঠানো নামের বিকল্পগুলি হল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস, জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। তাদের তরফ থেকে খাম, ব্ল্যাকবোর্ড এবং টর্চ প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মমতার শিবিরের নাম রাখা হয় মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং তাদের প্রতীক ফুটবলার। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নাম হয় ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস। তাদের প্রতীক খাম।