‘অভয়ার মা’কে সমন পাঠালো পুলিশ, চরম উত্তেজনা রাজনৈতিক মহলে

Published:

BJP Candidate Ratna Debnath

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রথম দফার নির্বাচন (West Bengal Election 2026) শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তারপরেই রাজ্যের ১৫২ টি কেন্দ্রে দফায় দফায় শুরু হবে ভোটগ্রহণ। এমতাবস্থায় পানিহাটির (Panihati) বিজেপি প্রার্থী, অভয়ার (BJP Candidate Ratna Debnath) মাকে সমন পাঠাল পুলিশ। ব্যাপক শোরগোল রাজনৈতিক মহলে। যদিও খবরস সূত্রে জানা গিয়েছে, সেই সমন গ্রহণ করেননি রত্না দেবনাথ। প্রশ্ন উঠছে ভোটের মুখে কী এমন ঘটল, যে তড়িঘড়ি পুলিশের সমন এসে পৌঁছাল।

পুলিশের সমন পাঠানো হল রত্নাদেবীকে

জানা গিয়েছে, সম্প্রতি বিধানসভা নির্বাচনী প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ‘অভয়ার মা’ তথা পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ এমন কিছু কটাক্ষ করেছিলেন যা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। তাই সেই ‘কুরুচিকর’ মন্তব্যের পরিপ্রেক্ষিতেই গতকাল, মঙ্গলবার আচমকা তাঁর কাছে পুলিশের সমন পাঠানো হয়। কিন্তু সেই নোটিস ফিরিয়ে দেন রত্না দেবী। কারণস্বরূপ জানা গিয়েছে, নোটিসে নাকি তাঁর স্বামীর নাম ভুল লেখা হয়েছে তাই তিনি গ্রহণ করেননি। এরপরই নোটিসকে কেন্দ্র করেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।

অভিষেককে কটাক্ষ অভয়ার মায়ের

বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সাফ কথা, “তৃণমূলের ভাণ্ডারে আমাকে আক্রমণ করার মতো আর কোনো ভাষা নেই, তাই পুলিশের মাধ্যমে সমন পাঠিয়ে হেনস্থা করার চেষ্টা চলছে। কিন্তু আমাকে এত সহজে ভয় দেখানো যাবে না।” এছাড়াও অভিষেককে নিয়েও কটাক্ষ করেছেন তিনি। আসলে গত সপ্তাহে পানিহাটির প্রচারে অভিষেক দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন যে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে যেন ব্যক্তিগত আক্রমণ না করা হয়। আর সেই প্রসঙ্গ টেনে ‘অভয়ার মা’ বলেন, “ভাইপো এসে বলে যাচ্ছেন শালীনতা বজায় রাখতে, আর অন্যদিকে পিসির পুলিশ সমন পাঠাচ্ছে! এটা কেমন সৌজন্য?”

আরও পড়ুন: ভোটের সময় নিজের এলাকা ছাড়তে পারবেন না প্রার্থীরা, ফের বিশেষ নির্দেশ কমিশনের

পানিহাটিতে বিজেপি প্রার্থী হিসেবে রত্না দেবনাথের নাম ঘোষণার পর থেকেই তিনি একাধিক অভিযোগ করে আসছেন শাসকদলের বিরুদ্ধে। তাঁর দাবি, মনোনয়নের আগে থেকেই নাকি রত্নাদেবীর উপরে হামলা করার চেষ্টা করা হচ্ছে তৃণমূলের তরফ। তাই নিয়ে অভিয়ার মা বলেন, “ আমি আগেও বলেছি, এখনও বলছি আপনারা আমার দিকে ইট ছুড়লেও আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকব। কারণ, আমি আমার পৃথিবী, আমার মেয়েকে হারিয়েছি। আর কিছু হারানোর নেই। তাই আমাকে ভয় দেখানো যাবে না।” এমতাবস্থায় এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল শুরু হয়েছে।