সৌভিক মুখার্জী, কলকাতা: তৃণমূলের জোড়াফুল প্রতীক আপাতত কমিশনের সিন্দুকে। মমতার জন্য বরাদ্দ হয়েছে ফুটবল পায়ে ফুটবলারের ছবি। কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আর সেই মামলার শুনানি হল বৃহস্পতিবার। নির্বাচনী প্রতীক এবং দলের নাম সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য কতটা সময় প্রয়োজন তা জানতে এবার কমিশনারের কাছে রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত। এমনকি আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।
কমিশনের কাছে সময় চাইল সুপ্রিম কোর্ট
তৃণমূলের প্রতীক নিয়ে দুই শিবিরের দড়ি টানাটানির মধ্যে বৃহস্পতিবার অন্তর্বর্তী সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। আপাতত জোড়াফুল প্রতীক এবং তৃণমূল কংগ্রেস নাম ফ্রিজ করে মমতার শিবিরের নাম হয়েছে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং তারা আগামী ৬ অক্টোবর উপনির্বাচনে লড়বে ফুটবল পায়ে ফুটবলারের প্রতীকে। অন্যদিকে ঋতব্রতপন্থীদের নাম হয় গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস এবং তারা লড়বে খাম চিহ্নে। যদিও উপনির্বাচনে নন্দীগ্রামে মমতার মনোনীত প্রার্থী সরে দাঁড়ানোয় শুধুমাত্র রেজিনগরেই লড়বে মমতার শিবির এবং নন্দীগ্রামে তিনি কংগ্রেসকে সমর্থন করবেন বলে জানান।
তবে প্রতীক এবং দলের নাম ফ্রিজ হওয়ার পর কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেন এবং দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন আইনজীবী কপিল সিব্বল। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ সোমবার জানিয়েছিল, উভয় পক্ষকে জানানো হোক এবং দ্রুত শুনানির চেষ্টা করা হবে। সেই সূত্রে বৃহস্পতিবার শুনানির জন্য উঠল এই মামলা।
আরও পড়ুন: ধর্ম অবমাননার অভিযোগ, বাংলাদেশে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা মাদ্রাসা পড়ুয়াদের
এদিন সূর্যকান্তের বেঞ্চ কমিশনের উদ্দেশ্যে জানিয়েছে, “এমন একটি যুক্তিসঙ্গত সময়সীমা বলুন যার মধ্যে দুই পক্ষই নিজেদের প্রমাণ এবং বক্তব্য পেশ করার জন্য ন্যায্য সুযোগ পাবে। আবার বিষয়টি যেন অযথা দীর্ঘ না হয়। প্রমাণ এবং দুই পক্ষের বক্তব্য খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনের হাতে যথেষ্ট সময় থাকতে হবে। একটি বাস্তবসম্মত সময়সীমা প্রয়োজন।” তবে কমিশন জানিয়েছিল, তৃণমূলের জোড়াফুল প্রতীক আপাতত তাদের সিন্দুকে জমা থাকছে। আসল তৃণমূল কারা এবং প্রতীক কোন গোষ্ঠীর তা চূড়ান্ত হওয়ার পরেই জানানো হবে।










