“অভিযোগ না থাকলে সসম্মানে বাড়ি, থাকলে জেল” ‘ঘরছাড়া’দের কড়া বার্তা শুভেন্দুর

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর নির্বাচনী ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে ভোট পরবর্তী হিংসা (West Bengal Post Poll Violence)। খবর খুললেই উঠে আসছে দলীয় কর্মীদের ওপর অত্যাচারের ঘটনা। সেই নিয়ে আজ শুক্রবার বিধানসভা অধিবেশনে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhya)। আর সেই  অভিযোগের ভিত্তিতে চাঞ্চল্যকর মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানিয়ে দিলেন ঘরছাড়া তৃণমূল নেতা মন্ত্রীদের ফেরানো হবে। তবে বেঁধে দিলেন শর্ত।

ভোট পরবর্তী হিংসা নিয়ে ক্ষুব্ধ শোভন দেব চট্টোপাধ্যায়

বিজেপি সরকারের প্রথম বিধানসভা অধিবেশনের দিনই ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়ে ওঠেন বিরোধী দল তৃণমূল কংগ্রেস। কর্মীদের ওপর একাধিক অত্যাচারের অভিযোগ তুলে বিধানসভায় আওয়াজ তুললেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর দাবি, “বহু তৃণমূল কর্মী ঘর-ছাড়া রয়েছেন। বিজেপি আসার পর ভরসা আউট হয়েছে। বরং ভয় বেড়েছে।” অন্যদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে শোভনদেবের তোলা সব অভিযোগ উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানালেন তৃণমূল কর্মীদের সসম্মানে বাড়ি ফেরাবে বিজেপি সরকার।

শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, “ঘর ছাড়া কেউ আছে বলে আমার জানা নেই। আপনি জানলে প্রশাসনকে জানাবেন। যদি কেউ ঘরছাড়া থাকে, আপনি মাননীয় DGP-কে তালিকা দেবেন। তবে শর্ত একটাই। ওই ব্যক্তির বিরুদ্ধে যদি ২০২১ সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের কোনও অভিযোগ না থাকে তাহলে তাঁকে এলাকার বিজেপি বিধায়ক ও পুলিশের এসপি সসম্মানে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। তবে যদি অভিযোগ থাকে তাহলে তাকে সরাসরি জেলে ঢোকানো হবে।”

আরও পড়ুন: জনগণের সমস্যার সমাধানে নতুন উদ্যোগ, সরাসরি জনতার সাথে দেখা করবেন মুখ্যমন্ত্রী

এদিন বিরোধী দলনেতার বক্তৃতার মাঝেই উত্তাল হয়ে ওঠে বিধানসভা। চিৎকার করছিলেন বিজেপি বিধায়করা। কিন্তু, শুভেন্দু অধিকারী নিজে দলীয় বিধায়কদের থামিয়ে দিয়েছিলেন। এছাড়াও এ দিন স্পিকার নির্বাচনের আগেই আরও এক দফা উত্তাপ ছড়িয়েছিল বিধানসভায়। বিজেপি বিধায়কেরা ‘চোর চোর’ স্লোগান তোলায় অধিবেশনকক্ষ ত্যাগ করেছিলেন তৃণমূল বিধায়কেরা। এমনকি স্পিকার নির্বাচন পর্বেও তাঁরা সভায় হাজির ছিলেন না। পরে তাঁরা যোগ দেন।