প্রীতি পোদ্দার, কলকাতা: প্রথমবার বঙ্গ রাজনীতিতে বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই একের পর এক প্রশাসনিক রদবদল হয়েই চলেছে। আর এবার সরাসরি আমজনতার সমস্যার কথা শুনতে উত্তরপ্রদেশের ধাঁচে জনতার দরবার (Janatar Darbar) চালু করতে চলেছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানা যাচ্ছে, সপ্তাহে ১ বা ২ দিন সরাসরি সাধারণ মানুষের অভিযোগ শুনবেন তাঁরা, শুধু তাই নয় অভিযোগের ভিত্তিতে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ।
জনতার দরবার চালু শুভেন্দুর
প্রশাসনিক স্তরে বড়সড় বদলের মাঝেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক নয়া কর্মসূচির ঘোষণা করেছেন, আর সেটি হল জনতার দরবার। আসলে সরকারের কাজের প্রতি সাধারণ মানুষের বেশ কিছু অভাব-অভিযোগ থাকেই, যা মুখ্যমন্ত্রীর পক্ষে সব জানা সম্ভব হয়ে ওঠে না। এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করাও কঠিন তাই সেই সমস্যা সমাধানে এবার জনতার দরবার চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাঁদের সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানাতে পারবেন। তবে কীভাবে এই কর্মসূচি শুরু হবে তার বিস্তারিত এখনও কিছু জানানো হয়নি।
কবে থেকে শুরু হবে এই কর্মসূচি?
প্রশাসনিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যেই বিজেপি সরকার শুরু থেকেই জনগণের সান্নিধ্যে থাকার চেষ্টা করে চলেছে, আর সেই কারণে চালু করা হল ‘জনতার দরবার’। এই কর্মসূচি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “জনতার কথা এবার সরাসরি শুনব আমি।” জানা গিয়েছে, বর্তমানে এই প্রকল্পের পরিকাঠামো তৈরির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। আগামী ১ জুন থেকে সপ্তাহে ১ বা ২ দিন সরাসরি সাধারণ মানুষের কথা শুনবেন মুখ্যমন্ত্রী। সঙ্গে থাকবেন প্রশাসনিক আধিকারিকরা। এবং অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হবে বলেও খবর।
আরও পড়ুন: রবিবার ১৬ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা পুলিশ
উল্লেখ্য, উত্তরপ্রদেশেও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে সে রাজ্যে শুরু হয়েছে জনতার দরবার। পাশাপাশি মধ্যপ্রদেশ ও ওড়িশাততেও চালু হয়েছে এই কর্মসূচি, যেখানে আমজনতার অভাব অভিযোগ শুনবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যদিকে আগামী ১ জুন থেকেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। যার মাধ্যমে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি সরকারি বাসে যাতায়াতও মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে হতে চলেছে খুব শীঘ্রই।










