বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী রবিবার অর্থাৎ 17 মে, ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত অর্থাৎ একটানা 16 ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু (Vidyasagar Setu)। আসলে সেতুর জরুরী মেরামতির কাজের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতার ট্রাফিক পুলিশ। তাতে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে, এই দিন বিদ্যাসাগর সেতুতে কোনও রকম যান চলাচল হবে না।
দ্বিতীয়বারের মতো বন্ধ হচ্ছে বিদ্যাসাগর সেতু
বলাই বাহুল্য, মেরামতির জন্য এর আগে চলতি বছরেই বন্ধ করা হয়েছিল দ্বিতীয় হুগলী সেতুটি। সেই ঘটনার পর নতুন করে দ্বিতীয় বারের জন্য বন্ধ হচ্ছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। প্রশাসন সূত্রে খবর, বহু পুরনো এই সেতুটির একাধিক অংশে রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত কিছু কাজ চলবে। মূলত সে কারণেই সুষ্ঠুভাবে সেতুর কাজ সম্পন্ন করতেই রবিবার টানা 16 ঘন্টা ট্রাফিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলকাতা পুলিশের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, রবিবার দ্বিতীয় হুগলী সেতু বন্ধ থাকার কারণে গাড়িগুলিকে বিকল্প রাস্তা ধরে গন্তব্যে পৌঁছতে হবে। সূত্রের খবর, এজেসি বোস রোড ঘুরে জিরাট আইল্যান্ড হয়ে আসা পশ্চিমমুখী গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে ডাইভার্ট করা হবে। পরে হেস্টিংস মোড় হয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড এবং হাওড়া ব্রিজ ব্যবহার করে গন্তব্যে পৌঁছতে হবে গাড়িগুলিকে। এছাড়াও আরও একটি বিকল্প রাস্তা রয়েছে। এক্ষেত্রে গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে টার্ন নিয়ে কেপি রোড ধরতে হবে। এছাড়া অন্যান্য দিক থেকে আসা গাড়িগুলির জন্যেও বিকল্প রাস্তা বেঁধে দিচ্ছে প্রশাসন।

অবশ্যই পড়ুন: জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ, সরকার বদলাতেই বাংলাকে তিন মেগা প্রকল্পের উপহার রেলের
প্রসঙ্গত, রবিবার দিন দ্বিতীয় হুগলী সেতুর কাজ চলাকালীন প্রত্যেক যাত্রীকে প্রাইভেট গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে প্রশাসনের তরফে। মূলত যানজট এড়াতে বাস, ট্রেনের মতো গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়ার পাশাপাশি রবিবারও যাঁরা অফিস যান সেইসব অফিস যাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীদের হাতে সময় নিয়ে বাড়ি থেকে বেরোতে বলা হচ্ছে।










