জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ, সরকার বদলাতেই বাংলাকে তিন মেগা প্রকল্পের উপহার রেলের

Published:

Indian Railways New three rail project in West Bengal approved by Ministry of Railways

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলায় নতুন সরকার শপথ নিয়েছে এক সপ্তাহও হয়নি। এরই মাঝে রাজ্যবাসীকে বড় উপহার ভারতীয় রেলের (Indian Railways)। জানা যাচ্ছে, নিউ জলপাইগুড়ি থেকে শুরু করে জঙ্গলমহল সহ পশ্চিমাঞ্চলের রেল পরিকাঠামের উন্নয়নের স্বার্থে এবার একাধিক মেগা প্রকল্পের অনুমোদন দিল রেল মন্ত্রক। এই মর্মেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওই চিঠিতেই, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

বাংলার তিন বড় প্রকল্পে অনুমোদন রেলের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লেখা চিঠিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একেবারে স্পষ্ট করে জানিয়েছেন, এর আগে শুভেন্দু অধিকারীর সাথে বেশ কয়েকবার বাংলার একাধিক রেল প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল। সেই সূত্রেই এবার দ্রুততার সাথে রেল প্রকল্পগুলিতে অনুমোদন দিল রেল মন্ত্রক। জানা যাচ্ছে, রেলমন্ত্রকের তরফে অনুমোদিত বঙ্গের রেল প্রকল্পগুলির মধ্যে রয়েছে উত্তরবঙ্গের রেল যোগাযোগের প্রাণকেন্দ্র নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত 7.15 কিলোমিটার নতুন রেল প্রকল্পের ডবল লাইনের কাজ। রেল সূত্রে খবর, এই বিশেষ অংশে ডবল রেল লাইনের কাজ সম্পূর্ণ হলে উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতে ট্রেনের গতি যেমন বাড়বে তেমনই আরামদায়ক পরিষেবা উপভোগ করতে পারবেন যাত্রীরা।

রেলের তরফে দ্বিতীয় যে প্রকল্পে অনুমোদন মিলেছে তা হল জঙ্গলমহলে নতুন ট্রেনের ঘোষণা। রেলের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গ অর্থাৎ জঙ্গলমহলের বাসিন্দাদের কথা মাথায় রেখে কলকাতার সাঁতরাগাছি থেকে খড়গপুর হয়ে জয়পুর অর্থাৎ ঝাড়গ্রাম পর্যন্ত নতুন ট্রেন পরিষেবা চালু হচ্ছে। জানা গিয়েছে, এই বিশেষ প্রকল্পের অধীনে 18061 ও 18062 সাঁতরাগাছি-খড়গপুর এক্সপ্রেস এবার জয়পুর পর্যন্ত চালানোর অনুমতি দিয়েছে রেল। আর এই বিশেষ রেল পরিষেবার দৌলতে এবার থেকে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের মানুষজন সহজেই এক ট্রেনে কলকাতায় আসতে পারবেন।

অবশ্যই পড়ুন: আয়োজক হওয়া সত্বেও ২০২৭ বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে এই দল! কারণ জানেন?

তৃতীয় যে প্রকল্পটিতে রেল অনুমোদন দিয়েছে তা পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা জুড়বে। আসলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল শালবনী থেকে আঁড়া পর্যন্ত 107 কিলোমিটার অংশে নতুন রেললাইন তৈরির। অবশেষে সেই দাবি মেনে নতুন রেললাইন প্রকল্পের প্রথম ধাপের কাজ শুরু হচ্ছে। এই রেল লাইন তৈরির জন্য ইতিমধ্যেই ফাইনাল লোকেশান সার্ভের অনুমোদন দিয়ে দিয়েছে রেল মন্ত্রক। সবমিলিয়ে বলাই যায়, বাংলায় ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই কপাল খুলেছে রাজ্যবাসীর!