২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ ঘোষণা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ থালাপতি বিজয়ের

Published:

Vijay Oath Ceremony

সৌভিক মুখার্জী, কলকাতা: তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতিতে এক ঐতিহাসিক পালাবদল। ২০২৪ সালে দল গঠন করে আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় (Vijay Oath Ceremony)। চেন্নাই স্টেডিয়ামে বন্দেমাতরম ধ্বনি এবং জাতীয় সংগীতের মাধ্যমেই তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। এমনকি শপথ গ্রহণ করে তিনি একাধিক জনকল্যাণমূলক ঘোষণা করলেন।

শপথ গ্রহণ বিজয়ের

এদিন তামিল ভাষায় শপথ গ্রহণ করেছেন তামিলনাড়ুর নব নির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয়। প্রথমেই তাঁকে বলতে শোনা যায়, “আমি শ্রী জোসেফ বিজয়!” আর তাতেই হাততালির বন্যা বয়ে যায় গোটা স্টেডিয়ামে। এমনকি মঞ্চে বিজয়ের পাশেই বসতে দেখা যায় রাহুল গান্ধীকে। এদিন বিজয়ের পর শপথ গ্রহণ করেন মন্ত্রী আধব অর্জুন। এছাড়া টিভিকের মুখ্য সমন্বয়ক সেঙ্গোত্তাইয়ানেরও শপথ গ্রহণ করেছেন। তারপর একে একে আনন্দ এবং ভেঙ্কটরামন থেকে শুরু করে নির্মলকুমার, কীর্তনা প্রমুখ শপথগ্রহণ করেন।

না বললেই নয়, এবার তামিলনাড়ুতে বিজয়ের টিভিকে-র ঝুলিতে গেছে ১০৮টি আসন। কিন্তু সরকার গঠনের জন্য মোট ১১৮ জন বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল। কানাঘুষো শোনা যাচ্ছিল, কেন্দ্রের বিজেপি সরকার এনডিএ জোটের এআইএডিএমকে এর সাথে বিজয়ের টিভিকে-র সঙ্গে জোট বাঁধে বলেছে। কিন্তু তা হল না। শেষ পর্যন্ত কংগ্রেস জোট এবং বামেদের সঙ্গে মিলেই ১১৮ আসন নিয়ে সরকার গঠন করল বিজয়ের টিভিকে। সবথেকে বড় ব্যাপার, তামিলনাড়ুতে বিজয়ের সরকার প্রায় ৬০ বছরের মধ্যে প্রথম ডিএমকে বা এআইএডিএমকে বহির্ভূত সরকার।

২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি

এদিকে শপথগ্রহণ করে আমজনতার উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন থালাপতি বিজয়। এদিন তিনি স্পষ্ট জানিয়েছেন যে, টিভিকে সরকার সাধারণ জনগণের জন্য ২০০ ইউনিট করে বিদ্যুৎ একেবারে বিনামূল্যে দেবে। ফলে গরীব বা মধ্যবিত্তরা যে হাফ ছেড়ে বাঁচবে তা বলার অপেক্ষা রাখে না। এছাড়াও মাদক রুখার জন্য কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছেন বিজয়। আর মহিলাদের নিরাপত্তা নিয়েও বড় ঘোষণা করেছেন তিনি।

আরও পড়ুন: উদ্ধার করেছিল CBI, সরকার বদলাতেই OMR শিটের প্রতিলিপি প্রকাশ্যে আনল SSC

অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করাকে অভিনন্দন জানিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে অভিনেতা বিজয়ের শপথগ্রহণের জন্য অনেক অনেক অভিনন্দন। তাঁর সরকারকে অনেক শুভকামনা রইল। কেন্দ্র সরকার সবসময় তামিলনাড়ুর সাধারণ মানুষের পাশে আছে এবং সরকারের পাশে থেকেই কাজ করবে।