প্রীতি পোদ্দার, কলকাতা: চিংড়ি, কাঁকড়া (Kankra) কার না পছন্দ! বাঙালিদের হেঁসেলে যেমন চিংড়ির হরেক রকমের পদ (Recipe) রান্না করা হয় ঠিক তেমনি আবার কাঁকড়া দিয়েও ভিন্ন স্বাদের রান্না হয়। আর ঝাল ঝাল কাঁকড়া হলে তো কথাই নেই! তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে কাঁকড়ার ঝাল (Kankrar Jhal) রেসিপি। সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।
উপকরণ
কাঁকড়ার ঝাল বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল- কাকড়া, নুন, হলুদ গুঁড়ো, সর্ষের গুঁড়ো, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, চিনি, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল
রান্নার পদ্ধতি
- প্রথমে কাঁকড়া গুলোকে ভালো করে বেঁধে ফ্রিজের ঠান্ডা তাপমাত্রায় অন্তত ৩০ মিনিট রেখে দিতে হবে। অন্যদিকে একটি পাত্রে জল বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। তার মধ্যে সামান্য নুনও দিয়ে দিতে হবে। ৩০ মিনিট পর ফ্রিজ থেকে কাঁকড়া গুলো বের করে এক এক করে সেই গরম জলের মধ্যে ঢেলে দিতে হবে। এবং এক মিনিটের জন্য সেটিকে ফুটিয়ে নিতে হবে।
- এরপর কাঁকড়াগুলোর থেকে জল ঝরিয়ে নিয়ে একটা একটা করে কাঁকড়ার পা এবং দেহটাকে আলাদা করে নিতে হবে। যেহেতু কাঁকড়া গুলো কাদার মধ্যে থাকে তাই সেজন্য ভালো করে একটি টুথব্রাশ দিয়ে জল দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে যাতে গায়ে কোনরকম কাদা বা মাটি না লেগে থাকে। এরপর খোসা ছাড়িয়ে ভিতরের অংশটা আলাদা করে নিতে হবে।
- এবার ভেতরের অংশগুলো এবং পা গুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নুন, হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখতে হবে। অন্যদিকে একটি বাটিতে দুই চামচ সর্ষের গুঁড়ো সামান্য নুন এবং হালকা গরম জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে এবং ১০ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। কড়াইতে এবার সর্ষের তেল গরম করে কেটে রাখা আলুগুলো হালকা ভেজে নিতে হবে।
আরও পড়ুন: তেঁতুল-গুড়ের স্বাদে আজই বানিয়ে ফেলুন বেগুনের আচার, স্বাদ হবে দুর্দান্ত
- ভাজা আলুগুলো তুলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাঁকড়া গুলো হালকা ভেজে নিতে হবে। এরপর সেগুলোকে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিতে হবে। যতক্ষণ না হালকা খয়েরি রং আসছে ততক্ষণ মাঝারি আঁচে পেঁয়াজগুলো হালকা ভেজে নিতে হবে। এই সময় সামান্য চিনিগুঁড়ো ছড়িয়ে দিতে হবে।
- পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এলে ওর মধ্যে আদা বাটা দিয়ে দিতে হবে। প্রায় দশ মিনিট ঢেকে রাখার পর নাড়াচাড়া করে ওর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিতে হবে। তার সঙ্গে স্বাদমত নুন ছড়িয়ে দিতে হবে। অন্যদিকে একটি বাটিতে এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে সামান্য গরম জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে।
- এরপর মশলার এই মিশ্রণটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে রাখতে হবে অন্তত ৭-৮ মিনিট। এরপর মশলার থেকে তেল বেরিয়ে এলে ভেজে রাখা আলু ও কাঁচা লঙ্কা দিয়ে এবং গ্রেভির পরিমাণ অনুযায়ী গরম জল দিয়ে বেশিক্ষণ ফুটতে দিতে হবে। তারপর ৭-৮ মিনিট পর ঝোল ফুটে এলে ওর মধ্যে সর্ষে বাটার মিশ্রনটা ঢেলে ভেজে রাখা কাঁকড়ারগুলো ঢেলে দিতে হবে। ব্যাস নাড়াচাড়া করে ১০ মিনিট ফুটতে দিলেই তৈরি কাঁকড়ার ঝাল (Kankrar Jhal)।










