বিক্রম ব্যানার্জী, কলকাতা: অল্প বয়সেই ক্রিকেটে সাফল্য পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। কিছুদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। এরপর খেলেছেন জিম্বাবুয়ে সিরিজেও। যদিও আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে জায়গা হয়নি এই খুদে ক্রিকেটারের। টি-টোয়েন্টির পাশাপাশি লাল বলের ক্রিকেটে অর্থাৎ টেস্টেও বৈভবকে নিয়ে স্বপ্ন দেখেন বহু প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। এবার সেই সব স্বপ্নে কার্যত জল ঢেলে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মন্টি পানেসার। তিনি একপ্রকার ব্যক্তিগতভাবে ঘোষণা করলেন, বৈভব হয়তো কোনও দিনও টেস্ট ক্রিকেটে (Test Cricket) সফল হতে পারবেন না।
কোনও দিনও টেস্ট ক্রিকেটে সফল হবে না বৈভব?
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের সাথে বিয়ন্ড23 ক্রিকেট পডকাস্টে আড্ডা দেওয়ার সময় ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার মন্টি পানিসার বলেন, “আমার মনে হয় না বৈভব সূর্যবংশী টেস্ট ক্রিকেটে কোনও দিনও সফল হতে পারবেন না। এই মুহূর্তে টেস্ট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক নম্বর প্লেয়ার হ্যারি ব্রুক। আমার মনে হয় না, বৈভব সূর্যবংশীর ওর মতো গুণ বা কৌশল আছে।”
এদিন পডকাস্ট চলাকালীন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্লার্ক বলেন, তিনি মনে করেন বৈভব সহ অন্যান্য ক্রিকেটাররা যদি নিজেদের সেরাটা দিয়ে ক্রিকেট খেলেন এবং বাড়তি চেষ্টা করেন সে ক্ষেত্রে টেস্ট সহ সব সংস্করণে খেলতে পারবেন। মাইকেল ক্লার্কের কথায়, “আমার মনে হয় তাঁরা (বৈভব সূর্যবংশীরা) তিনটে ফরম্যাটেই খেলতে পারবে। বিরাট কোহলি, এবি ডেভিলিয়ার্সরা সেটা দেখিয়ে দিয়েছেন। এরা দুজনই দুর্দান্ত টেস্ট ক্রিকেটার ছিলেন। একই সাথে টি-টোয়েন্টিতেও সফল হয়েছিলেন দুজন। বৈভব সূর্যবংশীর মতো নতুন প্রজন্মের কোনও প্লেয়ার যদি টেস্টে জায়গা করে নেন তাহলে খুব ভাল লাগবে।”
আরও পড়ুন: গঙ্গা জল চুক্তি নিয়ে এবার ভারতকে বড় শর্ত দিয়ে বসল বাংলাদেশ, কী চাইছে ঢাকা?
মাইকেল ক্লার্ক বৈভব সূর্যবংশীর উপর ভরসা রাখলেও ইংল্যান্ডের ওই প্রাক্তন ক্রিকেটার মনে করছেন না বৈভব আগামী দিনে টেস্ট ক্রিকেটে সফলতা পাবেন বা টেস্ট ক্রিকেটে সেভাবে জায়গা করে নিতে পারবেন। যদিও ইতিমধ্যেই বৈভবের উপর আস্থা রেখেছেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর থেকে শুরু করে সুনীল গাভাস্কার, শ্রীনাথ, কপিল দেব সহ অন্যান্য প্রাক্তন ক্রিকেটারেরা।










