ফুটবলে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান! প্রকাশ্যে সাফ চ্যাম্পিয়নশিপের সূচি

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রকাশ্যে এসেছে সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) সূচি। সেই আসরেই বি গ্রুপে মালদ্বীপ এবং পাকিস্তানের সাথে রয়েছে ভারতও। আগামী 4 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসবে বাংলাদেশের রাজধানী ঢাকায়। 15 তম সাফ কাপে ভারতের অভিযান শুরু হচ্ছে 5 নভেম্বর। প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে জাতীয় ফুটবল দল। আর তারপরেই পাকিস্তানের বিরুদ্ধে (India Vs Pakistan) ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার।

ফুটবলে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের প্রকাশিত সূচি অনুযায়ী, 5 নভেম্বর মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করার পর 11 নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে 9 বারের সাফ চ্যাম্পিয়নরা। এক কথায়, দীর্ঘদিন পর ক্রিকেট ছেড়ে এবার ফুটবলের ময়দানে একে অপরের মুখ দেখতে চলেছে দুই চির প্রতিদ্বন্ধী, ভারত এবং পাকিস্তান। তবে ঢাকায় গিয়ে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় দল সেই ম্যাচ খেলবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে খানিকটা অনিশ্চয়তা।

ভারত এবং পাকিস্তানের যদি হেড টু হেড পরিসংখ্যান নিয়ে কথা বলা যায় সে ক্ষেত্রে আজ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে 25 বারের ম্যাচে 16 বারই জিতেছে ভারতীয় ফুটবল দল। সাতটি ম্যাচ হয়েছে ড্র। দুটিতে হারতে হয়েছে তাদের। এক কথায় মুখোমুখি লড়াইয়ের নিরিখে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে ভারত। এর আগে শেষবারের মতো 2023 সালের সাফ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচে প্রতিপক্ষকে 4-0 গোলে হারিয়েছিল টিম ইন্ডিয়া।

অবশ্যই পড়ুন: KKR এ আসতে পারেন টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতানো প্রাক্তন অধিনায়ক

প্রসঙ্গত, এবছর প্রত্যেক গ্রুপ পর্বের সেরা দুটি দল যাবে সেমিফাইনালে। এ গ্রুপের জয়ী দল খেলবে বি গ্রুপের রানার্স আপ দলের সাথে। ঠিক একইভাবে বি গ্রুপের শীর্ষে থাকা দল খেলবে এ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলটির সাথে। আর এই দুই সেমিফাইনাল হবে 14 নভেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা দুদিন পর অর্থাৎ 17 তারিখ।