২০২৬ এশিয়ান গেমসে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান! কবে ম্যাচ? দেখুন

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবছর এশিয়ান গেমসে (2026 Asian Games) সরাসরি অংশগ্রহণ করতে চলেছে ভারত। আগামী 17 সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশেষ প্রতিযোগিতায় অংশ নেবে ভারতের মহিলা এবং পুরুষ উভয় দলই। জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠিত হবে এবারের এশিয়ান গেমস। আর এই বিশেষ প্রতিযোগিতায় মূলত ক্রিকেটের মঞ্চে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত এবং পাকিস্তানের (India Vs Pakistan)! কিন্তু কবে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ?

কবে গড়াবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ?

জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এ বছরের এশিয়ান গেমসে মহিলাদের প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী 19 সেপ্টেম্বর থেকে। যা চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর শুরু হবে পুরুষদের টুর্নামেন্ট। এশিয়ান গেমস ক্রিকেটে পুরুষদের প্রতিযোগিতা শুরু হচ্ছে 24 সেপ্টেম্বর থেকে। যা চলবে পহেলা অক্টোবর পর্যন্ত। বলাই বাহুল্য, আজ থেকে চার বছর আগে এশিয়ান গেমসে ভারতের মহিলা এবং পুরুষ উভয় দলই স্বর্ণপদক জিতেছিল। এবারেও দেশবাসীর আশা ভারতীয় দলই এশিয়ান গেমসে দেশের মুখ উজ্জ্বল করবে।

এ বছর জাপানের আইচি প্রিফেকচারের কোরোগি অ্যাথলেটিক পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের ক্রিকেট টুর্নামেন্ট গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এক কথায়, এই আসরে অংশ নিতে চলেছে ভারতীয় টি-টোয়েন্টি দল। এবছর ভারত যেহেতু সরাসরি কোয়ার্টার ফাইনালে অংশ নেবে ফলে মহিলা দলের না হলেও পুরুষ দলের বিপক্ষে মাঠে নামতে পারে পাকিস্তান!

অবশ্যই পড়ুন: ফের ভারতের উপর ১০% শুল্ক চাপাল আমেরিকা, তালিকায় বাংলাদেশ-পাকিস্তান সহ একাধিক দেশ

24 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া পুরুষদের এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে নামতে চলেছে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো দলগুলি। মনে করা হচ্ছে, এই আসরেই মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তানের পুরুষ দল। জানিয়ে রাখি, 2026 এশিয়ান গেমসে বাকি চারটি নকআউট স্থানের জন্য লড়াই করবে বাকি ছয়টি দল।

প্রাথমিক পর্বে এই দলগুলিকে মূলত দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে এ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান এবং নেপাল। অন্যদিকে বি গ্রুপে আছে হংকং, মালয়েশিয়া এবং ওমান। এই দুই গ্রুপের দুটি শীর্ষ দল পরবর্তীতে মূল পর্বের দলগুলির বিরুদ্ধে খেলার সুযোগ পাবে। এখানে বলে রাখা প্রয়োজন, ভারত বনাম পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটি খুব সম্ভবত সেমিফাইনাল বা ফাইনালে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে!