বিক্রম ব্যানার্জী, কলকাতা: এতদিন কোথায় ছিল এই KKR? যারা একটানা পাঁচ ম্যাচে অপরাজিত ছিল, যে দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় ব্যাটিং শক্তি, সেই সানরাইজার্স হায়দরাবাদকে রবিবার একেবারে হেলায় হারাল কলকাতা নাইট রাইডার্স (KKR Vs SRH)। 7 উইকেটে শাহরুখ খানের দলের এমন জয় দেখে হতচকিত খোদ নাইট ভক্তরাই। তাঁদের দাবি, “এমন স্ট্যান্ডার্ড ক্রিকেট যদি প্রথম থেকে খেলা যেত তাহলে বোধহয় পয়েন্ট তালিকার শেষের দিকে থাকতে হতো না কলকাতাকে।” তবে যাই হোক না কেন, আজকের ম্যাচে ক্ষমতা দেখিয়েছে KKR। তবে এ দিনের জয়ে সবচেয়ে বড় অবদান রয়েছে চার ক্রিকেটারের।
KKR-কে জেতালেন এই 4 প্লেয়ার
বরুণ চক্রবর্তী
রবিবার প্রথমে ব্যাট করতে নেমে 15 রান করেই মাঠ ছাড়তে হয়েছিল অভিষেক শর্মাকে। তবে এরপর অবশ্য হাত খুলেছিলেন ট্রাভিস হেড। মাত্র 28 বলে করে ফেলেছিলেন 61 রান। এহেন একজন শক্তিশালী প্লেয়ারকে আউট করার দরকার ছিল কলকাতার। একেবারে মোক্ষম সময় এসে সেই কাজ করে দেখান বরুণ। উইকেট নেন হেডের। অনেকেই মনে করছেন, এখানেই কার্যত ভেঙে গিয়েছিল SRH। এরপর কব্জির জোর দেখিয়ে আরও দুই উইকেট অর্থাৎ 36 রান দিয়ে তিনটি উইকেট তুলেছিলেন এই ভারতীয় স্পিনার। সেটাই কলকাতার জয়ে সবচেয়ে বড় অবদান রাখে।
সুনীল নারিন
রবিবার ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ইশান কিষাণ। দলের স্বার্থে ভারতীয় প্লেয়ারের ব্যাটিং থামিয়েছিলেন সুনীল নারিন। তুলে নিয়েছিলেন ইশানের গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়াও পরবর্তীতে আরও এক উইকেট মিলিয়ে মোট দুটি উইকেট তুলেছিলেন নারিন। 4 ওভারের কোটায় নিজের স্পিনের জাদু দেখিয়ে প্রতিপক্ষের প্লেয়ারদের কুপোকাত করেছিলেন ক্যারিবিয়ান স্টার। সেটাই কলকাতার জয়ের অন্যতম কারণ।
অধিনায়ক রাহানে
বিগত কিছু দিনে ব্যর্থ হলেও রবিবার কলকাতার হয়ে ব্যাট করতে নেমে দাপিয়ে খেলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। এদিন ওপেনিং করতে নেমে 43 রানের দুর্দান্ত ইনিংস দলকে উপহার দিয়েছিলেন তিনি। শুরুতেই রাহানের ব্যাট থেকে এমন রান মনবল জুগিয়েছিল দলের বাকিদের। কাজেই আজকের জয় তাঁর অবদান অনস্বীকার্য।
অবশ্যই পড়ুন: মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে …, মহম্মদ শামির ভাইয়েরও বিরুদ্ধে গুরুতর অভিযোগ
অঙ্গকৃষ রঘুবংশী
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার হয়ে প্রথম থেকেই নিজের সমস্তটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছেন দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার অঙ্গকৃষ রঘুবংশী। রবিবারও দলের জন্য মোক্ষম সময়ে 59 রানের বিধ্বংসী ইনিংস খেলে জয়টা নিশ্চিত করে দিয়েছিলেন কলকাতার উইকেট কিপার ব্যাটসম্যান রঘুবংশী। শেষ পর্যন্ত সহ অধিনায়ক রিঙ্কুর ব্যাটের ছোঁয়ায় জয় পেল KKR।
প্রসঙ্গত, রবিবার KKR টস হারতেই প্রথমে ব্যাট করতে নেমেছিল SRH। তবে ঘরের মাঠে প্রতিপক্ষের বোলারদের সামনে কিছুতেই সেভাবে জ্বলে উঠতে পারেননি নিজামের দলের প্লেয়াররা। 19 ওভারের মধ্যেই 165 রানে হায়দরাবাদকে গুটিয়ে দেয় KKR। পরবর্তীতে রাহানে, রঘুবংশীদের লড়াইকে সঙ্গী করে মাত্র 18.2 ওভারে 7 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় শাহরুখ খানের দল।










