বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup) নিয়ে এখন বাজার গরম। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স সহ একাধিক দেশের ফুটবলারেরা বল পায়ে বিশ্বকাপে জাদু দেখাচ্ছেন। আর সেই সব ম্যাচ দেখার জন্য রাত জেগে অপেক্ষা করেন ভারতীয়রা। অনেকেই ভারত থেকে নিজের প্রিয় ফুটবলারের বিশ্বকাপ ম্যাচ দেখতে বিদেশে যাচ্ছেন। তবে অন্যান্য দলের হয়ে গলা ফাটালেও নিজের দেশ ভারতের হয়ে বিশ্বকাপে চিয়ার আপ করার সৌভাগ্য হয়নি দেশবাসীর। আজ পর্যন্ত একবারের জন্যেও বিশ্বকাপের মঞ্চে পা রাখতে পারেনি ভারত। সুযোগ একবার এলেও হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছে ভারতীয় ফুটবল দল। কিন্তু কেন?
সুযোগ পেয়েও ফিফা বিশ্বকাপে খেলতে যায়নি ভারত
1930 সাল থেকে ফুটবল বিশ্বকাপ আয়োজন করে আসছে ফিফা। শুরুর দিকে সেই আসরে ভারতের সুযোগ পাওয়ার প্রশ্ন না উঠলেও 1950 সালে গিয়ে ফিফার আয়োজিত ফুটবল বিশ্বকাপে সুযোগ পেয়েছিল ভারতীয় ফুটবল দল। তবে এমন সুবর্ণ সুযোগ নিজে থেকেই হাতছাড়া করেছিল ভারত। এক কথায়, হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছিল টিম ইন্ডিয়া! এখন প্রশ্ন হল, ঠিক কোন কারণে ফিফা বিশ্বকাপের সুযোগ পেয়েও মুখ ফিরিয়ে নিতে হয়েছে ভারতকে?
1948 সালে অলিম্পিকে দুর্ধর্ষ ফুটবল দেখিয়েছিলেন ভারতীয়রা। সেখান থেকেই নজর কাড়ে ভারতীয় দল। এরপর 1950 এ ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা ফুটবল বিশ্বকাপে ডাক পায় ভারত। জানা যায়, এশিয়া থেকে একমাত্র দল হিসেবে বিশ্বকাপের সুযোগ পেয়েছিল টিম ইন্ডিয়া। ফিলিপাইন্স এবং ইন্দোনেশিয়ার সাথে একই গ্রুপে রাখা হয়েছিল ভারতকে। তবে প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই বাকি দলগুলি নিজেদের নাম প্রত্যাহার করে নিলে একমাত্র দল হিসেবে ভারতের অংশগ্রহণ একেবারে চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া।
অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের সাথে বিশ্বাসঘাতকতা মিগুয়েলের? বাগানে যাওয়ার আগেই প্রশ্নের মুখে
এমন সিদ্ধান্তের নেপথ্যে ঠিক কোন কারণ ছিল তা স্পষ্ট করে আজও জানা যায়নি। তবে অনেকেই বলেন, স্বাধীনতার পর পর ফিফা বিশ্বকাপে সুযোগ পেলেও সেখানে না খেলার সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে ফুটবলের জুতো। সেই সময়, ফিফার তরফে শর্ত বেঁধে দেওয়া হয়েছিল, বিশ্বকাপে খেলতে হলে প্রত্যেক ফুটবলারের পায়ে ফুটবলের প্রফেশনাল জুতো থাকতে হবে। আর সেটা না থাকায় ভারত ফিফা বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেয়। শোনা যায়, এর আগে লন্ডনে অলিম্পিকে খালি পায়েই খেলেছিলেন ভারতীয় ফুটবলারেরা। কেউ কেউ আবার পায়ে মোটা জাতের মোজো পরে মাঠে নেমেছিলেন।










