বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুম শুরু হতে এখনও ঢের দেরি। তার আগেই ইস্টবেঙ্গলের (East Bengal FC) ঘর ভেঙে দাপুটে ফুটবলার ব্রাজিলিয়ান মিগুয়েলকে (Miguel Figueira) সই করাতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এ নিয়ে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে তার আগে মিগুয়েলের বাগানে যোগ দেওয়ার খবর পাঁচ কান হতেই ব্রাজিলিয়ান গোল মেশিনকে নিয়ে ক্ষুব্ধ লাল হলুদ সমর্থকরা। তাঁদের মধ্যে অনেকেই এই ফুটবলারকে ‘বিশ্বাসঘাতক’ তকমা দিয়েছেন!
ইস্টবেঙ্গলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন মিগুয়েল?
এবছর ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের সাফল্যে বড় অবদান রেখেছিলেন মিগুয়েল। ব্রাজিলের এই ফুটবলারকে একেবারে কাছে টেনে নিয়েছিলেন লাল হলুদ সমর্থকরা। মিগুয়েলের হয়ে স্টেডিয়াম থেকে গলা ফাটাতে দ্বিধাবোধ করেননি কেউই। সেই ব্রাজিলিয়ান ফুটবলার কিনা ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে চলে যাচ্ছেন। এমন খবরে মন ভেঙেছে বহু ইস্টবেঙ্গল সমর্থকের।
কেউ কেউ আবার মিগুয়েলের চলে যাওয়ার বিষয়টি একেবারেই মেনে না নিতে পেরে ব্রাজিলিয়ান ফুটবলারকেই বিশ্বাসঘাতক বলে দেগেছেন। তাঁদের বক্তব্য, “ইস্টবেঙ্গল থেকে শহর কলকাতায় জনপ্রিয়তা পেয়ে এখন শত্রু শিবিরে যাচ্ছেন এই বিদেশী ফুটবলার! এটা বিশ্বাসঘাতকতা ছাড়া আর কী!” যদিও সূত্রের দাবি, অনেক আগে থেকেই এই ফুটবলারের সাথে যোগাযোগ রেখেছিল মোহনবাগান। সেই মতোই এবার তাঁকে সই করিয়ে নেওয়ার পালা।
অবশ্যই পড়ুন: যোগ্যতা অর্জনে ভারতের সাথে চরম বেইমানি, এবার বিশ্বকাপে সেই কাতার খেল ৬ গোল
প্রসঙ্গত, ইতিমধ্যেই ব্রাজিলের এই ফুটবলার ইস্টবেঙ্গলকে বিদায় জানিয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এ বছর ইন্ডিয়ান সুপার লিগে ভাল ফুটবলের উপহার হিসেবে পাওয়া গোল্ডেন বলও ইস্টবেঙ্গল ভক্তদের ভালবাসার উপহার হিসেবে ক্লাব মিউজিয়ামে রেখে দিয়ে এসেছেন তিনি।










