IPL জয়ী এই ক্যাপ্টেন হতে পারেন টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক

Published:

PBKS Star May be the next captain of Team India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ভারতীয় দলে (Team India) হতে পারে অধিনায়ক বদল। টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব একজন নেতা হিসেবে সফল হলেও কোনও ভাবেই তাঁকে দক্ষ ব্যাটসম্যান বলা যাচ্ছে না। বিগত দিন গুলিতে টিম ইন্ডিয়ার জার্সিতে ব্যর্থতার বৃত্ত বাড়িয়েছেন এই খেলোয়াড়। টি-টোয়েন্টি বিশ্বকাপেও সে অর্থে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। যার জেরে এই প্লেয়ারকে নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। তাছাড়াও শোনা যাচ্ছে, আসন্ন সিরিজগুলির কথা মাথায় রেখে দুটি আলাদা আলাদা টি-টোয়েন্টি দল তৈরি করতে পারে, ভারতীয় ক্রিকেট বোর্ড।

সূর্যকে সরিয়ে অধিনায়ক করা হতে পারে এই প্লেয়ারকে!

এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আইয়ার। টি-টোয়েন্টিতে বেশ ভাল ছন্দে রয়েছেন তিনি। ব্যাট হাতে দলের জন্য রান করার পাশাপাশি পাঞ্জাবের একজন দক্ষ অধিনায়ক হিসেবে নিজের ক্ষমতা বুঝিয়েছেন আইয়ার। গত বছর এই প্লেয়ারের জোরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে জায়গা করেছিল পাঞ্জাব। এবছরও সেইদিকেই এগোচ্ছে দলটি। সবচেয়ে বড় কথা আজ পর্যন্ত একটি ম্যাচও হারেনি PBKS। এছাড়াও ২০২৪ সালে KKR-র অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। সেবার কলকাতা নাইট রাইডার্স আইপিএল ট্রফি জয় করে।

মূলত সেসব কারণেই সূর্য কুমারের বদলে শ্রেয়স আইয়ারকে টিম ইন্ডিয়ার অধিনায়ক করার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। ক্রিকেট ভক্তদের অনেকেই দাবি করছেন, ব্যাট হাতে দলকে সঙ্গ দেওয়ার পাশাপাশি একজন অধিনায়ক হিসেবেও টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাবেন তিনি। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখে তার একটা স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। এদিকে কয়েকটি সূত্র মারফত খবর, সামনেই যেহেতু আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ রয়েছে ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড দুটো আলাদা আলাদা প্রতিযোগিতা মূলক টি-টোয়েন্টি দল গড়ে তুলতে চাইছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝ পথে দুটি আলাদা আলাদা টি-টোয়েন্টি দলের জন্য প্লেয়ার বাছাইয়ের কাজ শুরু হয়ে যাবে। আসলে এশিয়ান গেমস এবং ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ একই সময় পড়েছে। মূলত সে কারণেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মূল দলের অনেক প্লেয়ারকেই পাওয়া যাবে না বলেই মনে করছেন তিনি। সে কারণেই বিকল্প একটি দলের কথা ভাবছে বোর্ড। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন এ সিজন থেকে 30-35 জন প্লেয়ারকে বেছে নেওয়া হতে পারে।

অবশ্যই পড়ুন: বিশেষ কূটনৈতিক চাল, পশ্চিম এশিয়ার অস্থিরতার মাঝেই সৌদি আরবে অজিত ডোভাল

কেন শ্রেয়স আইয়ার ভাল বিকল্প?

সালটা 2018। সে বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। যদিও টুর্নামেন্টের মাঝ পথে হঠাৎ অধিনায়ক হিসেবে নিজেকে বসিয়ে নেন গম্ভীর। দায়িত্ব যায় শ্রেয়সের কাঁধে। বলা যেতে পারে সেই দিন থেকেই অধিনায়ক হিসেবে পথ চলা শুরু হয় এই ভারতীয় ক্রিকেটারের। এরপর 2022 এ কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়ে ধীরে ধীরে নিজেকে তৈরি করতে থাকেন আইয়ার। 2024 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মেন্টর গৌতম গম্ভীরের দেখানো পথে হেঁটে কলকাতাকে নেতৃত্ব দিয়ে শাহরুখের দলকে চ্যাম্পিয়ন করেন আইয়ার। তারপর গতবছর পাঞ্জাবকে বহু খরা কাটিয়ে ফাইনালে তোলেন তিনি। এ বছর আজ পর্যন্ত অপরাজিত PBKS। বলা যেতে পারে সবদিক থেকেই অধিনায়ক হিসেবে সফল আইয়ার। তাই হয়তো তাঁকেই টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে বেছে নিতে পারে বোর্ড।